ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা, বেইলি রোডসহ ঢাকার বেশ কয়েকটা জায়গায় দেখা যাবে-বুমার’স। তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় এই রেস্টুরেন্ট। শিশুদের পছন্দের তালিকাতেও রয়েছে এর নাম, কারণ এখানে শিশুদের জন্য রয়েছে খেলার ব্যবস্থা। আর তরুণ-তরুণীরা মিউজিকের সঙ্গে আনন্দে মেতে উঠতে পারেন খুব সহজেই। বুমার’স ঘুরে এসে সে কথাই জানালেন সাজেদুল ইসলাম শুভ্র ও ছবি তুলেছেন দীপঙ্কর দীপু
হয়তো অফিসে কাজের চাপে বোর হয়ে উঠেছেন কিংবা ইউনিভার্সিটিতে ক্লাসের ফাঁকে কিছুটা সময় হাতে আছে। এদিকে দুপুরের খাবার সময়ও হয়ে গেছে, ক্ষুধাও পেয়েছে। ইচ্ছে হলো বাইরে কোথাও থেকে খেয়ে আসা যেতে পারে। ভাবনা অনুযায়ী অফিসের কলিগ কিংবা আপনার বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লেন ভালো কোনো রেস্টুরেন্টের খোঁজে। হঠাত্ রাস্তার পাশে চোখে পড়ল হলুদের উপর লাল লেখা বুমার’স। ভাবলেন নতুন এই রেস্টুরেন্ট ট্রাই করা যেতে পারে। ভেতরে গিয়ে অবাক হয়ে দেখবেন নানা বয়সের মানুষের ভিড়। হালকা মিউজিকের তালে নিজেকেও তরুণ মনে হবে যখন দেখবেন সেখানে অনেক তরুণ-তরুণীরা আড্ডায় মেতেছে। কমলা-হলদেটে আলোর সাথে যুক্ত হয়েছে লাল রঙের ফার্নিচার। হলুদ আর লাল মিশ্রণের দেয়ালের সঙ্গে লাল রঙের ফার্নিচার এক নতুন আবেশ সৃষ্টি করেছে। এ ছাড়া লো লাইটের সঙ্গে মিউজিক এক অন্য রকম পরিবেশ তৈরি করে। নিমিষেই পরিবেশের সাথে মিশে যাবে যে কেউ-ই। আড্ডা আর ভালোলাগা যখন মিশে একাকার, তখন পরিবেশন করা হবে খাবার। অবাক হতে হবে, শুধু পরিবেশই নয় খাবারের দিক দিয়েও এগিয়ে বুমার’স। দেশি ও পাশ্চাত্য খাবারের সংমিশ্রণ ঘটেছে এখানে। তাই সহজেই নিজের পছন্দের খাবারটি পেয়ে যাবেন এখানে। রেস্টুরেন্টের এক পাশে রাখা হয়েছে পার্টি করার সুব্যবস্থা। দুপুরের খাবার থেকে শুরু করে রাতের খাবার আপনি খেতে পারেন এখানে। এখানকার বার্গার শিশুদের বেশ পছন্দের। বার্গারের দাম পড়বে ১৬০-১৮৫ টাকা। এ ছাড়া হালকা খাবার স্যান্ডউইচ পাওয়া যাবে ১৯০ টাকায় ও সুপ ১০০ টাকায়। এ রেস্টুরেন্টে চিকেন বাফেট, প্রন টোস্ট, স্প্রিং রোল, চিকেন সালাদ, প্রন সালাদ, চিকেন ফ্রাই, চিকেন উইংস পাওয়া যাবে ১৮০-৩৫০ টাকার মধ্যে। নাহ! কমবো আইটেমগুলো ঠিক পছন্দ হচ্ছে না আপনার। হতাশ হওয়ার কিছু নেই, আপনার জন্য সেখানে বুফেতে খাবারেরও সুব্যবস্থা রয়েছে। আর বুফের মেন্যুতে থাকছে সালাদ, সুপ, এপিটেইজার, ডেজার্ট, চওমিন, বাটার নান, চিলি চিকেন, চিকেন কারির মতো মজার বেশ কিছু আইটেম। এত সব মজার খাবারের ভেতর আপনার পছন্দের খাবার বেছে নিতে খরচ করতে হবে ৫২৫ টাকা। খাবারদাবারের পর্ব তো শেষ হলো। কিছু একটা মিসিং মনে হচ্ছে। ভাবতে ভাবতেই ওয়েটার আপনার সামনে মেন্যু নিয়ে হাজির হবে যাবে। মেন্যু দেখে আপনার মনে হবে, আরে! এটাই তো চাচ্ছিলাম, আইস্ক্রিম! বুমার’স-এ যাব আর আইসক্রিম খাব না, এটা হতেই পারে না। চকলেট, স্ট্রবেরি, কফি, ভ্যানিলা ফ্লেভারসহ আপনার পছন্দমতো আইসক্রিম পাওয়া যাবে ১০০-৩৯০ টাকার মধ্যে।
এক নজরে
কোথায় :ধানমন্ডির বুমারসে যেতে হলে আপনাকে সোজা চলে আসতে হবে আনাম র্যাংগস প্লাজার ৩য় তলায়। রোড-৬৪, হাউজ-৬১। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল থেকে আবাহনী মাঠের দিকে যাওয়ার পথে সড়কের ডান পাশে এই রেস্টুরেন্টটি অবস্থিত।
কখন যাবেন :সপ্তাহে সাতদিনই সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকে বুমার’স।
কী খাবেন :চাইনিজ বুফে :যেকোনো দুই আইটেম সাথে ফ্রাইড রাইস অথবা চাওমিন। যেকোনো তিন আইটেম সাথে ফ্রাইড রাইস অথবা চাওমিন। এ ছাড়াও রয়েছে দেশি ও পাশ্চাত্য খাবারের আইটেম।
ব্যবস্থাপকের ভাষ্য :উদ্যোক্তা আলফাজ উদ্দীন বলেন, ‘বুমার’স-এ পাওয়া যাবে বিভিন্ন ধরনের মজাদার খাবার।’
