ভারত থেকে ২টি রেল ইঞ্জিন ৩০টি ট্যাংকার এসেছে

আপডেট : ২০ মে ২০১৩, ২১:৪৪
বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে আমদানিকৃত ১০টি লোকোমোটিভ (ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক রেলওয়ে ইঞ্জিন) এর মধ্যে ৩য় চালানের ২টি ইঞ্জিন রবিবার ভারতের গেঁদে রেলপথ দিয়ে দর্শনা রেল বন্দরে প্রবেশ করেছে। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি প্রথম চালানে ২টি এবং ৭ মে ৪টি ইঞ্জিন এসেছিল। এ নিয়ে এ পর্যন্ত মোট ৮টি ইঞ্জিন দেশে আসল। এছাড়াও এ চালানে একই সাথে ৩০টি ওয়েল ট্যাংকারও এসেছে। রোববার দুপুর ৩টায় ২টি ইঞ্জিন ও ৩০টি ওয়েল ট্যাংক দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা। আমদানিকৃত প্রতিটি রেল ইঞ্জিনের দাম পড়েছে ল্যান্ডিং চার্জসহ ৬২ লাখ ৬২ হাজার ইউএস ডলার। দিল্লীর রাইটস লিমিটেড ইন্ডিয়া নামের একটি প্রতিষ্ঠান ইঞ্জিনগুলো রপ্তানি করেছে এবং কলকাতার টেকস মেকো রেল এ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই ওয়েল ট্যাংক সরবরাহ করছে ।