আঁধার ঘরে চাঁদের আলো

আপডেট : ২০ মে ২০১৩, ২১:৪৪
ইচ্ছা থাকলে উপায় হয় এই প্রবাদ বাক্যকে বাস্তবে রূপ দিয়ে অভাব অনটন ও দারিদ্র্যকে জয় করে এবারের এসএসসি পরীক্ষায় অনেকেই সাফল্যের মালা পরেছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। চলনবিল (সিরাজগঞ্জ) গরীব অসুস্থ পিতা-মাতার সন্তান দ্বীপ পাল কারিগরি বোর্ডের অধীন তাড়াশ জে,আই টেকনিক্যাল স্কুল থেকে এ বছর এস,এস,সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার পিতা কাজল চন্দ্র পালের সামান্য জমি ছিল। মেরুদণ্ডের অসুস্থতার জন্য এবং স্ত্রী চামেলী পালের কিডনির অসুখের কারণে চিকিত্সা করাতে জমি টুকুও বিক্রি করে নিঃস্ব হয়েছে। একমাত্র সন্তানের লেখাপড়া চালানোর সামর্থ্য না থাকায় দ্বীপ পাল তাড়াশে নানার বাড়ি থেকে পড়াশোনা করেছে। বৃদ্ধ নানাও অসুস্থ এবং কষ্টের মধ্যে দিন কাটছে। দ্বীপ পাল ভাল ফলাফল করেও ভবিষ্যতে লেখাপড়া করার চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে। দ্বীপ পালের বাড়ি বগুড়া জেলা শহরের উত্তরে গাবতলী উপজেলার কাগইল গ্রামে। কাজল পালের সাংসারিক অবস্থা অত্যন্ত নাজুক। সে একটি কুরিয়ার সার্ভিসে কাজ করে কষ্টে খাবার জোটায়। হোমনা (কুমিল্লা) হতদরিদ্র পরিবারের মেয়ে আশা বিন বালিকা এবারের এসএসসি পরীক্ষায় হোমনা কফিলউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখা থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. মিজান মিয়া একজন রিকশা চালক। নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার টেরিরচর গ্রামে তাদের বাড়ি। কোন সহায়-সম্বল ও ভিটে মাটি না থাকায় তিনি হোমনা পশ্চিমপাড়ায় ভাড়া থেকে রিকশা চালান। রিকশা চালিয়ে ও অন্যের সাহায্য নিয়ে মেয়েকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। মেয়ের এ সাফল্যে শিক্ষকসহ সবাই খুশি হলেও মেয়ের ভবিষ্যত্ নিয়ে তিনি চিন্তিত। আশা বিন বালিকার ইচ্ছা ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করা। তার বাবা মেয়ের আশা পূরণের জন্য দেশবাসীর সাহায্য কামনা করেন। শিবচর (মাদারীপুর) অভাবের সঙ্গে যুদ্ধ করে গোল্ডেন জিপিএ-৫ পেলেও শিবচরের অবহেলিত ঋষিপাড়ার ছেলে অসীম দাসের কলেজে ভর্তি হওয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। গোল্ডেন জিপিএ-৫ পেয়েও সে আনন্দের পরিবর্তে শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে। শিবচর পৌরসভার ১নং ওয়ার্ডের ঋষিপাড়ার অনীল দাস ও চিনু রানী দাসের একমাত্র ছেলে অসীম দাস ছোট সময় থেকেই লেখাপড়ায় মনোযোগী। অভাবের তাড়নায় তার মা-বাবা বাধ্য হয়ে একমাত্র ছেলেকে তিন বছর আগে মামার বাড়ি উমেদপুর পাঠিয়ে দেন। সেখানে উমেদপুর অজিফা রবিউল্লাহ লাইসিয়াম বিদ্যালয়ে ভর্তি হয় অসীম। অন্যের পুরান নোট ও গাইড বই ধার করে পড়তে থাকে সে। কিন্তু এসএসসি টেস্ট পরীক্ষার পর মামাদের অসচ্ছলতার কারণে আবারো বাড়িতে ফিরে আসতে হয় তাকে। এরপর খেয়ে না খেয়ে পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ- ৫ অর্জন করে অসীম। এদিকে, ছেলেকে ঢাকার কোনো একটি ভালো কলেজে ভর্তির ইচ্ছায় অসীমের বাবা ছুটছেন নানা জনের কাছে। কিন্তু তেমন কোনো সহায়তা তিনি পাননি। উমেদপুর অজিফা রবিউল্লাহ লাইসিয়াম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমান জানান, সুযোগ পেলে অসীম সমাজের দৃষ্টান্ত হতে পারে। একই সঙ্গে পিছিয়ে পড়া ঋষি সমাজকে এগিয়ে নিতে পারে। অসীমকে সাহায্যের জন্য ন্যাশনাল ব্যাংক শিবচর শাখা হিসাব নং ৩৪০৪৮৫৭১ সমাজের সচ্ছল ও হূদয়বানদের কাছে অনুরোধ জানান তিনি। কুমিল্লা কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের মধ্যলক্ষ্মীপুর গ্রামের দরিদ্র রিক্শাচালক মো. জয়নাল হোসেন ও গৃহিণী হাজেরা বেগমের পুত্র মো. সেলিম হোসেন। সংসারে নিত্যদিনের অভাব অনটনকে হার মানিয়ে এবারের এসএসসি পরীক্ষায় সে উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তারা এনজিওর ঋণের টাকায় চালা তুলে ৬ জন একত্রে বাস করে। রিক্শা চালিয়ে প্রতিদিন ২ থেকে আড়াইশ’ টাকা উপার্জন করেন। এতেই প্রতি সপ্তাহের এনজিও কিস্তি পরিশোধ, খেয়ে-না খেয়ে সংসারের ব্যয়ভার বহনসহ পুত্র সেলিম হোসেনের পড়ালেখার খরচ চালাতেন তিনি। ‘ভবিষ্যতে সে শিক্ষক হতে চায়। তার পিতা-মাতা জানান, টাকার অভাবে সেলিমকে উচ্চ শিক্ষায় ভর্তি করানো আমাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। নীলফামারী দিনমজুর হওয়া সত্ত্বেও গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে মাধব রায়। সংসারের অভাব অনটন আর দরিদ্র্যতা তাকে হার মানাতে পারেনি। তার পুরো নাম মাধব রায়, পিতাঃ পয়াতু চন্দ্র রায়, মাতাঃ ফুলেশ্বরী রায়, সে কচুয়া চৌরঙ্গী সেরা মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করে লেখাপড়া করেছে। তার বাবার আর্থিক অবস্থা খারাপ হওয়ায় নিজের পড়াশোনার খরচ তাকে নিজেই যোগান দিতে হয়েছে। দিনমজুর মাধব প্রকৌশলী হতে চায় রাজীবপুর (কুড়িগ্রাম) মমিনুল ইসলাম এ বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখায় রাজীবপুরের চরনেওয়াজী উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করেছে। সে দিনমজুরি করেও লেখাপড়া করেছে। তার বন্ধুদের মতো প্রাইভেট পড়তে পারেনি, ভালো জামা-কাপড় পায়নি। মমিনুলের বাবা আবুল হোসেন একজন দিনমজুর। মা মনোয়ারা বেগম অন্যের বাড়িতে কাজ করত। নদী ভাঙ্গনের শিকার হয়ে তারা ভূমিহীনে পরিণত হয়েছে। মমিনুল বলে, আমি যখন স্কুলে যাই তখন বাবা মাইনসের ক্ষেতে কাজ করে। এতে আমার খুব কষ্ট লাগে। আর এই কষ্টই আমাকে লেখাপড়া করার আগ্রহ তৈরি করেছে।