রংপুরে ঈমান আলী হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

আপডেট : ২০ মে ২০১৩, ২১:৪৫
রংপুরে ঈমান আলী হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৯ জনকে খালাস দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে এই রায় ঘোষণা করা হয়। মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৮ জুলাই রংপুর মহানগরীর হাজিরহাট এলাকার ঈমান আলীকে বিষ খাইয়ে হত্যা করেন একই এলাকার মৃত রমজান আলীর পুত্র মোস্তাফিজার রহমান বাবু, মৃত ছকির উদ্দিনের দু’পুত্র সামিউল ইসলাম লাবু এবং হাবিবুর রহমান। এছাড়া হত্যাকাণ্ডের সাথে পরোক্ষ জড়িত ছিলেন, আব্দুর রশিদ, মিজু, মিঠু, হাফিজুল, মতিয়ার, আতিয়ার, শরীফ, বাহাদুর, স্বপন চন্দ্র এবং প্রতাব চন্দ্র। ঈমান আলী ছিলেন সাজাপ্রাপ্ত আসামিদের নামে থাকা একটি ধর্ষণ মামলার প্রধান সাক্ষী। এদিকে ঈমান আলী হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের নির্দেশে নিহতের শ্যালক মশিয়ার রহমান বাদি হয়ে গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রংপুর জেলা ও দায়রা ১ম জজ আদালত ওই মামলায় মোস্তাফিজার রহমান বাবু, সামিউল ইসলাম লাবু ও হাবিবুর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং বাকি ৯ জনকে বেকসুর খালাশ প্রদান করেন।