কক্সবাজার পৌরসভার নির্বাচিত মেয়র-কাউন্সিলররা বিগত আড়াই বছরেও দায়িত্ব পাননি। ফলে ১১ বছর আগের নির্বাচিত পরিষদ এখনও পৌরসভার গদিতে। এ নালিস শুনে চরম বিস্ময় প্রকাশ করেছেন কক্সবাজার সফররত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী এমপি। শনিবার সন্ধ্যায় কক্সবাজার পৌরসভার শপথ বঞ্চিত জনপ্রতিনিধিদের একটি প্রতিনিধি দল তার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি তাদের কাছে এ প্রতিক্রিয়া বলেন।
সাক্ষাকারী দলে ছিলেন, কক্সবাজার পৌরসভার সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর হুমাইরা বেগম, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মনজুমন নাহার মনজু, ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ছালামত উল্লাহ বাবুল, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুক লালু, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, ১২নং ওয়ার্ডের কাউন্সিলর জিসান উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, কক্সবাজার পৌরসভার নির্বাচন ২০১১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর ১ জন মেয়র এবং ১৬ জন কাউন্সিলরের নাম গেজেটের মাধ্যমে প্রকাশও করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে এখনও নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ হয়নি।
