গোপালপুর উপজেলার সূতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাওয়া মেধাবী রিমার উচ্চ শিক্ষা লাভের অনিশ্চয়তা কেটে গেছে। উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার রিমার আজীবন লেখাপড়ার খরচ বহনের দায়িত্ব নিয়েছেন। তিনি গত রবিবার স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে রিমার সূতি দিঘুলিপাড়ার বাড়িতে গিয়ে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা প্রদান করেন। রিমা ডাক্তার হওয়ার স্বপ্নের কথা জানালে উপজেলা চেয়ারম্যান সকল খরচ বহনের প্রতিশ্রুতি দেন। রিমার বাবা আবু হানিফ সাবেক সংবাদকর্মী। মা ফাহমিদা বেগম দর্জি। আছে শুধু বাড়ি ভিটা। অভাবী সংসারে মায়ের সেলাই কাজের সামান্য টাকায় রিমার লেখাপড়া চলে। মেধাবী শারমীন আক্তার রিমা পঞ্চম ও অষ্টম শ্রেণীতে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছিল।
