গাজীপুরে এক স্কুল শিক্ষককে বৃহস্পতিবার অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা তাকে মুক্তি দিতে পরিবারের কাছে দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের কাউলতিয়ার মীরেরগাঁও এলাকার স্কুলশিক্ষক মো. নূর হোসেনের ছেলে কেএম ইকবাল বাহার জনি (২৭) গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থিত লিংকন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের স্কুল শাখায় শিক্ষকতা করেন। বৃহস্পতিবার সকালে স্কুলের উদ্দেশে বাসা থেকে বের হয়ে জনি সন্ধ্যা পর্যন্ত বাসায় ফিরে আসেনি। এসময় তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার পিতা জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেন। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকেন। শুক্রবার বিকাল চারটার দিকে ইকবাল বাহার জনির মোবাইল ফোনে অজ্ঞাত স্থান থেকে অপহরণকারীরা জনির পিতার মোবাইলে ফোন করে তার ছেলে জনিকে অপহরণ করা হয়েছে বলে জানায় এবং তার মুক্তিপণ বাবদ দুই কোটি টাকা দাবি করে। অপহরণকারীরা পিতাকে জানায়, বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে জনিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে। জনির পিতা জানান, অপহরণকারীরা ছেলেকে আটকে রেখে নির্যাতন করছে। মুক্তিপণের টাকা না পেলে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে। শুক্রবার জয়দেবপুর থানায় মামলা হলেও গতকাল রবিবার বিকাল পর্যন্ত অপহূত শিক্ষককে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই হাসানুজ্জামান জানান, অপহূতকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
