গৌরীপুরে জ্বীনের ওঝার নির্যাতনে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২০ মে ২০১৩, ২১:৪৭
গৌরীপুর উপজেলার সদরের পৌর শহরের পূর্ব ভালুকায় জ্বীন তাড়ানোর নামে ভণ্ড কবিরাজের নির্যাতনের শিকার হয়ে ৪ সন্তানের জননী সিজিলা খাতুনের (৩৫) মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পুলিশ রোববার (১৯ মে) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। পরিবারিক সূত্রে জানা যায়, বাক প্রতিবন্ধী মোঃ দুলাল মিয়ার স্ত্রী সিজিলা খাতুন (৩৫) দীর্ঘদিন যাবত্ ডায়াবেটিকস রোগে আক্রান্ত ছিলেন। কিছুদিন ধরে তার স্বাভাবিক চাল-চলন কিছুটা অসংগতিপূর্ণ মনে হলে পরিবারের লোকজন তাকে জ্বীনে ধরেছে বল মনে করে। সিজিলার ছোট বোন মুকমিনা (২৮) জানায়, প্রায় একবছর পূর্বে তার বোনকে জ্বীন ধরে। কাউকে কিছু না বলেই ঘরের বাহিরে চলে যেত। ওই সময় থেকে মাছুয়াকান্দা গ্রামের ফজলুল হকের পুত্র বাপ্পি (২০) কবিরাজ হিসাবে চিকিত্সা করত। শুক্রবার আবারও জ্বীনে ধরলে কবিরাজ বাপ্পি (২০) জ্বীন তাড়ানোর জন্য তাকে বেত্রাঘাত করে। দুলালের বড় ভাই হেলাল উদ্দিন (৪৩) জানায়, শনিবার রাতে জ্বীন তাড়ানোর জন্য মাথার চুলে সিক্কা বাঁধে, চোখে তেলপড়ার ছিঁটা ও কঞ্চি দিয়ে প্রহার করে। এসময় সিজিলা খাতুন অনেকটা নিস্তেজ হয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। গৌরীপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলী লাশের সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছেন। গৌরীপুর থানার ওসি মোঃ হামিদুল ইসলাম জানান, সিজিলার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কেউ বাদী না হওয়ায় পুলিশ স্বপ্রণোদিত হয়ে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে।