বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট, ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং লালমনিরহাটের আদিতমারীতে গত শনিবার রাতে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। আহত হয়েছেন ৪০ জন। প্রচুর ঘর বিধ্বস্তসহ গাছ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকেই এখন খোলা আকাশের নিচে থাকছেন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেও ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় সম্ভব হয়নি। দৈনিক ইত্তেফাকের স্থানীয় সংবাদদাতাদের পাঠানো খবর।
সারিয়াকান্দি(বগুড়া) সংবাদদাতা জানান, উপজেলার কামালপুর, চন্দনবাইশা, ভেলাবাড়ি ইউনিয়নের ৮টি গ্রামের গত শনিবার রাতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দুইশ বাড়ি লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। ঝড়ের আঘাতে কয়েকশ হেক্টর জমির পাকা ধানের ব্যাপক ক্ষতিসহ কড়িতলা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শতশত গাছ ভেঙ্গে গিয়েছে।
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা জানান, উপজেলার শিচারপাড়া গ্রামে গত শনিবার রাতে ঘূর্ণিঝড়ে শিচারপাড়া বুলজান উচ্চ বিদ্যালয়সহ প্রায় একশ ঘর বিধ্বস্ত হয়েছে। ওই গ্রামে কয়েকজনের বাগানের গাছপালাসহ অনেকের বিভিন্ন প্রকার গাছপালার ক্ষতি হয়েছে। ঝড়ে একটি ফার্মের একহাজার মুরগীসহ কমপক্ষে দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফার্মের মালিক জানান।
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা জানান, উপজেলায় কমলাবাড়ি ইউনিয়নের ৫টি গ্রামে গত শনিবার রাতে কালবৈশাখী ঝড়ে প্রায় দুইশ ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়াও উঠতি বোরো ধান, সবজি ক্ষেত ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়। অনেকেই ঘড়বাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে বলে সরেজমিনে জানা যায়।
ধুনট (বগুড়া) সংবাদদাতা জানান, উপজেলায় গত শনিবার রাত ১০টায় কালবৈশাখী ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ ৪টি ইউনিয়নের ২০টি গ্রামের বাড়ি লণ্ডভণ্ড হয়েছে। এছাড়াও ঝড়ের তাণ্ডবে মহিলাসহ প্রায় ১০ জন আহতসহ প্রায় শতাধিক গবাদিপশুর মৃত্যু হয়েছে। গাছপালা উপড়ে পড়ে বিদ্যুত্ সংযোগ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাছাড়া ৪০ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, উপজেলার মূলগ্রাম ইউনিয়নে গত শনিবার সন্ধ্যায় আবারো প্রচণ্ড ঘূর্ণিঝড়ে মূলগ্রাম, ময়দাগঞ্জ, কান্দারপাড় ও পুকুরপাড় গ্রামে প্রায় একশ কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। নষ্ট হয়েছে বহু গাছপালা। ঝড়ে ইউপি সদস্য অনু মিয়াসহ ৩০ জন আহত হয়েছেন। উল্লেখ্য, গত ৮ মে একই ইউনিয়নে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে নেয়ামতপুর ও চন্দ্রপুর গ্রামের ১৫৮টি পরিবারের ৩০০ কাঁচা ঘর বিধ্বস্তসহ ও বহু গাছ নষ্ট হয়েছে।
