রামুতে ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্বোধন

আপডেট : ২০ মে ২০১৩, ২১:৪৮
কক্সবাজারের রামুতে নবপ্রতিষ্ঠিত ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন উদ্বোধনকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ পিএসসিজি বলেছেন, বিজিবি সদস্যরা সীমান্ত টহল জোরদারের পাশাপাশি চোরাচালান, রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় শান্তিশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, গতবছরের ২৯ সেপ্টেম্বর রামুতে বৌদ্ধ বিহার ও পল্লীতে হামলা, মায়ানমারের সীমান্তবর্তী এলাকায় ঘরবাড়িতে আক্রমণ হয়েছিল, এসব কারণেই প্রধানমন্ত্রীর নির্দেশনায় কক্সবাজারের দক্ষিণাঞ্চলসহ সীমান্ত এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি মোকাবেলায় ও সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় বিজিবির নতুন ব্যাটালিয়ন স্থাপন করা হচ্ছে। তিনি রোববার উপজেলার রাজারকুল ইউনিয়নের নারিকেল বাগান এলাকায় নবগঠিত ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্বোধনকালে একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সিও লে. কর্ণেল মেহেদি হাসান, চট্টগ্রামের উপ-অধিনায়ক মেজর রুহুল আমিন, ৫৭ ইবির অধিনায়ক লে.কর্ণেল জাহিদ হোসেন, কক্সবাজার জেলা প্রশাসক মো. রুহুল আমিন, পুলিশ সুপার মো. আজাদ মিয়া প্রমুখ। একই দিন মহাপরিচালক নাইক্ষ্যংছড়িতে ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পতাকা উত্তোলন অনুষ্ঠান উদ্বোধন করেন।