কুমিল্লায় ব্যাংক কর্মকর্তার ১৭ বছরের কারাদণ্ড

আপডেট : ২০ মে ২০১৩, ২১:৪৮
জনতা ব্যাংকের প্রায় ১০ লাখ টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে এক কর্মকর্তাকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। কুমিল্লার স্পেশাল জজ আদালতের বিচারক মো. আবুল হোসেন বেপারী রবিবার এ রায় প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে জনতা ব্যাংক চাঁদপুর মতলব শাখার দ্বিতীয় কর্মকর্তা মো. আমিন উল্লাহ মিয়া জালিয়াতি করে ভুয়া জমা ও উত্তোলনের মাধ্যমে ব্যাংকের ৯ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাত্ করেন। বিষয়ে মতলব দক্ষিণ থানায় ৪জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০০৭ সালের ২২ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন ওই মামলার দশম তদন্ত কর্মকর্তা এসআই আক্রাম হোসেন মজুমদার। মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে গত রবিবার আদালত ঐ রায় এবং অপর ৩ আসামি দেলোয়ার হোসেন, খোকন দাস ও গাজী নুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেয়।