বিরামপুরের ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট : ২০ মে ২০১৩, ২১:৪৮
দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে। এব্যাপারে বিজিবির পক্ষ থেকে বাংলাদেশি নাগরিককে ফেরত দেয়ার জন্য পত্র প্রেরণ করা হয়েছে। ফুলবাড়ী ৪০ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল খন্দকার মিজানুর রহমান জানান, রোববার বিকেল সাড়ে ৩টায় উপজেলার ঘাসুরিয়া সীমান্তের সাব পিলার ৫৫ দিয়ে বাংলাদেশি ৪ জন গরু ব্যবসায়ী ভারত সীমানায় অনুপ্রবেশ করে। এসময় ভারতের আগরা ক্যাম্পের বিএসএফের টহলদল ওই ৪ গরু ব্যবসায়ীকে ধাওয়া করে। গরু ব্যবসায়ীদের মধ্যে ৩ জন নিজ দেশের সীমানায় প্রবেশ করলেও এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যায় বিএসএফ। ঘটনার বিষয় অবগত হলে স্থানীয় ক্যাম্পের বিজিবি কমান্ডার তার বার্তার মাধ্যমে বিএসএফের নিকট জানতে চাইলে তারা গরু ব্যবসায়ীকে আটকের কথা স্বীকার করে। গতকাল সোমবার বিজিবি ও বিএসএফ-এর পতাকা বৈঠকের পরও এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ ব্যবসায়ীকে ফেরত আনা সম্ভব হয়নি। তবে বিজিবি কর্মকর্তারা বলেছেন আরো বৈঠক হবে।