গাইবান্ধায় গম বিক্রির স্লিপ ফড়িয়াদের পকেটে

আপডেট : ২০ মে ২০১৩, ২১:৪৯
গাইবান্ধার সরকারি খাদ্য গুদামে চলতি বছরের গম বিক্রির কৃষকের স্লিপ এখন ফরিয়া ও বেপারীদের পকেটে। এ কারণে সরাসরি কৃষকদের কাছ থেকে যে গম কেনার কথা, তা কেনা হচ্ছে ফরিয়া ও বেপারীদের কাছ থেকে। ফলে কৃষকরা জেলার খাদ্য গুদামগুলোতে গম বিক্রি করতে পারছে না। অপরদিকে খাদ্য গুদামগুলোতে নিম্নমানের গম ক্রয়েরও অভিযোগ উঠেছে। গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে জেলার সাত উপজেলার এগারটি খাদ্য গুদামে ১ হাজার ৬০ মেট্রিক টন গম ক্রয় করা হবে। যার সরকার নির্ধারিত মূল্য প্রতি কেজি ২৫ টাকা। এ গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে গত ২ মে। শেষ হবে আগামী ৩০ জুন। এরমধ্যে গত ১৫ মে পর্যন্ত মোট ৬২৯ মেট্রিক টন গম ক্রয় করেছে। সূত্রটি আরো জানায়, সরকারের ক্রয় নীতিমালা অনুযায়ী সরাসরি কৃষকদের কাছ থেকে গম ক্রয়ের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা প্রকৃত কৃষকদের তালিকা তৈরি করবেন। তারপর তাদেরকে স্লিপ দিবেন। এই স্লিপ অনুযায়ী সরকারি গুদাম কর্মকর্তারা কৃষকের নিকট থেকে গম ক্রয় করবেন। কিন্তু অনুসন্ধানে জানা গেছে, এসব নিয়ম-কানুনের কথা জানেন না অধিকাংশ কৃষক। সরকারি খাদ্য গুদামে গম বিক্রি করা যায়-এ কথাও জানা নাই তাদের। গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর গ্রামের শিক্ষক শাহারুল হুদা মণ্ডল জানান, আর্দ্রতা বেশির কথা বলে কৃষকদের গম কেনা হয় না। অথচ ১৪ শতাংশ আর্দ্রতার স্থলে থেকে ১৮/২০ শতাংশ আর্দ্রতার গম এবং নতুন গমের পরিবর্তে টিআর-কাবিখা প্রকল্পের পুরনো গমও ফড়িয়াদের কাছ থেকে কেনা হচ্ছে। বনগ্রাম ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রউফ জানান, এই তালিকা তৈরি করার কথা তার জানা নেই।