রাজবাড়ীতে শিক্ষকদের কর্মশালা
রাজবাড়ী প্রতিনিধি \ সোমবার রাজবাড়ী জেলাপর্যায়ে নবজাতকের যত্ন, বুকের দুধ খাওয়ানো,সম্পূরক খাদ্য, ইম্যুনাইজেশন, স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টিবিষয়ক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত কর্মশালায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল।
কেন্দুয়ায় বইয়ের প্রকাশনা উত্সব
কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ইতিহাস-ঐতিহ্য নিয়ে গবেষণাধর্মী ‘ইতিহাসের পাতায় কেন্দুয়া’ নামে বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ উপলক্ষে কেন্দুয়া প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি থেকে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন।
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজের নিকট বাস চাপায় ৫ম শ্রেণীর এক ছাত্র নিহত হলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ৫/৬টি গাড়ি ভাংচুর করে এবং ১ ঘন্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
ডোমারে সচেতনতামূলক কর্মশালা
ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ গ্রাম আদালত কার্যকরীকরণে উপজেলা পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলায় স্টেক হোল্ডারদের অংশগ্রহণমূলক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, অ্যাকটিভেটিং ভিলেজ কোটস ইন বাংলাদেশ প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র বাস্তবায়নে গ্রাম আদালত কার্যকরণে স্টেক হোল্ডারদের উপজেলা পর্যায়ে কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইএসডিও জেলা সমন্বয়কারী আবু বক্কর সিদ্দিক, থানার তদন্ত কর্মকর্তা মোঃ আইয়ুব।
দশমিনায় ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা \ পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরকারি সফরে ৬টি দেশ ভ্রমণ শেষে নিজ নির্বাচনী এলাকায় গতকাল সোমবার ফিরে আসলে তাকে সংবর্ধনা দেয়া হয়। স্থানীয় সরকার বিভাগের জয়েন্ট সেক্রেটারী মোঃ আকরাম আল হোসাইনের নেতৃত্বে ৭ জন উচ্চপদস্থ কর্মকর্তা, ১২ জন উপজেলা চেয়ারম্যান ও দশমিনা উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন শওকতসহ ৫ জন ভাইস চেয়ারম্যান নিয়ে ২৪ জন সদস্যের একটি টিম মালয়েশিয়া, ইউকে, জার্মানি, অস্ট্রেলিয়া, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রসহ ৬টি দেশে ১৫দিনের সরকারি সফরে বিভিন্ন সভা, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।
বটিয়াঘাটায় নারী নেতৃত্ব ভিত্তিক মতবিনিময়
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ তৃণমূল নারী নেতৃত্ব প্রকল্পের ফলাফলভিত্তিক মতবিনিময় সভা গতকাল সোমবার সকাল দশটায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নাগরিক কমিটির সভাপতি কামালউদ্দিন গোলদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার মোনায়েম খান, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুল হোসেন, বিআরডিবি অফিসার আফরুজ্জামান, রূপান্তরের কো-অর্ডিনেটর জার্জিজউল্লাহ, এরিয়া ম্যানেজার দীপ্তি রায়।
দৌলতদিয়ায় দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
গোয়ালন্দ (ফরিদপুর) সংবাদদাতা \ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত রবিবার অভিযান চালিয়ে আঃ রাজ্জাক শেখ ও তাছলিমা বেগম নামের দুই মাদক ব্যবসায়ীকে দু’বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দৌলতদিয়ার মজিদ শেখের পাড়া এলাকায় অভিযান চালায়।
বেনাপোলে শিশুসহ ১৬ নারী-পুরুষ আটক
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ অবৈধপথে ভারতে যাওয়ার সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে গতকাল সোমবার সকালে শিশুসহ ১৬ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। বিজিবি ২৩ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার শফিকুল ইসলাম জানান, বেশ কিছু শিশু ও নারী-পুরুষ অবৈধপথে ভারতে যাচ্ছে— এ-ধরনের সংবাদ পেয়ে তারা পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ শিশু, ৪ নারী ও ৭ জন পুরুষকে আটক করে। এ সময় তাদের সাথে থাকা দালালরা পালিয়ে যায়। এদের বাড়ি নড়াইল, ঝিনাইদহ ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
মধুপুর নেরিকা ধানের প্রবর্ধন বিষয়ক কর্মশালা
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ মধুপুর উপজেলার কাকরাইদ বিএডিসির মিলনায়তনে গত রবিবার খরাসহিষ্ণু নেরিকা ধানের জাত প্রবর্ধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিএডিসির বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে কর্মশালায় সভাপতিত্ব করেন বিএডিসির মহাব্যবস্থাপক (বীজ) আজিজুল হক।
কয়রায় কমিউনিটি পুলিশিং কমিটির সভা
কয়রা (খুলনা) সংবাদদাতা \ কয়রা সদর ইউনিয়ন পুলিশিং কমিটির মাসিক সভা গত রবিবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোঃ শাহাবুদ্দীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুর রহমান।
লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক কেন্দ্র লোহাগাড়া বটতলী শহরে রবিবার হোটেল এন্ড রেস্টুরেন্টে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রসিকিউশন অফিসার ছিলেন লোহাগাড়া স্যানেটারি ইন্সপেক্টর মোঃ শের আলী। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব মামুন-অর-রশিদ চৌধুরী।
ব্রাহ্মণবাড়িয়ায় ছয় ডাকাত গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ রবিবার কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ৬ ডাকাতকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দিদারুল আলম জানান, ওই ছয়জন ভোরে ডাকাতির উদ্দেশ্যে সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ে সদর উপজেলার ওই মহাসড়কের রামরাইল ভাঙ্গা সেতু এলাকায় জড়ো হয়। তারা সেখানে নাইট কোচে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ডিবি পুলিশের একটি দল তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে দু’টি বড় ছুরি উদ্ধার করা হয়। এরা হলো ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা এলাকার আল আমিন, পীরবাড়ি এলাকার মোঃ পরশ ও হূদয়, শহরতলীর নাটাই গ্রামের লিটন, বড়হরণ গ্রামের শরীফুল ইসলাম ও সরাইল উপজেলার জয়ধরকান্দি গ্রামের মোঃ রোমান।
বগুড়ায় পুল শিক্ষকরা চাকরির নিশ্চয়তা চায়
বগুড়া প্রতিনিধি \ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ পুল শিক্ষকরা গত ৯ মাসেও চাকরি পায়নি। দীর্ঘদিন চাকরির নিশ্চয়তা না পেয়ে কয়েক হাজার শিক্ষিত যুবক-যুবতী তাদের ভবিষ্যত্ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। রবিবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পুল শিক্ষক আব্দুস শাফি অভিযোগ করে বলেন, ২০১২ সালের আগস্ট মাসে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার ৭০১ জনকে নিয়োগ দেয়া হয় এবং ১৫ হাজার ১৯জনকে ‘পুল’ শিক্ষক হিসেবে নির্বাচিত হিসেবে ফল প্রকাশ করা হয়। দীর্ঘ ৯ মাসেও সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে হিজড়া বিষয়ক সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ রবিবার জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে হিজড়াদের প্রতি সংবেদনশীলতা বিষয়ক স্থানীয় পর্যায়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি, মাদ্রাসা ও কলেজ শিক্ষক, সরকারি চিকিত্সক, মসজিদের ইমাম ও এনজিও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। গ্লোবাল ফান্ডের অর্থায়নে এক্সপান্ডিং এইচআইভি প্রিভেনশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় জেলা লাইট হাউস এই সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন, সিভিল সার্জন অফিসের ডা. এম এ মাতিন।
রূপগঞ্জে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ বিতরণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ রূপগঞ্জ উপজেলা ভোলাব ইউনিয়নে টর্নেডোর ক্ষতিগ্রস্তদের মাঝে রবিবার নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলা পরিষদ থেকে এ অর্থ প্রদান করা হয়। উপজেলা পরিষদ থেকে ৫ হাজার ও ৩ হাজার টাকা হারে শতাধিক পরিবারের মাঝে এ অর্থ প্রদান করা হয়। বিতরণী অনূষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রাশেদ, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেছ।
হোমনায় ছাদ থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ রবিবার কুমিল্লার হোমনা উপজেলার শ্রীপুর এমদাদিয়া হাফিজিয়া মাদ্রাসায় ছাদ থেকে পড়ে মোঃ হাফিজুর রহমান নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে ওই মাদ্রাসার নূরানী ক্লাসের ছাত্র ও উপজেলার হুজুরকান্দি গ্রামের আঃ করিমের পুত্র।
বাগমারায় প্রসূতির সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা \ ঢাকা মহাখালীর জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় পুষ্টিসেবা কার্যক্রমের আওতায় প্রসূতি, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় করণীয় শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বাগমারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের জুনিয়র ক্লিনিশিয়ান ডাঃ দেওয়ান, মোঃ মেহেদী হাসান এবং এম ও এম সি এইচ ডাঃ আলাজুল কাউসার।
দোহারে সরকারি চালসহ একজন আটক
নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা \ ঢাকা দোহার উপজেলায় সরকার প্রদেয় দরিদ্র পরিবারের শিশুদের জন্য ৬ বস্তা সরকারি চালসহ নজরুল ইসলাম নামে একব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার উপজেলার কার্তিকপুর গ্রাম থেকে তাকে চালসহ আটক করা হয়। সে ঐ গ্রামের মৃত আনিস সিকদারের ছেলে।
গাইবান্ধায় আনন্দ মেলা
গাইবান্ধা প্রতিনিধি \ বাংলাদেশ শিশু একাডেমী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে দু’দিনব্যাপী শিশু আনন্দ মেলা ও শিশু নাট্য প্রতিযোগিতা গতকাল রবিবার শেষ হয়েছে। দু’দিনব্যাপী শিশুদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি, নৃত্য এবং নাট্য প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিশু-কিশোর অংশ গ্রহণ করে।
মিঠাপুকুরে পিকআপসহ দুই ডাকাত গ্রেফতার
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরে পিকআপ ভ্যানসহ দুই ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে। উপজেলার দমদমা চরকাবাড়ি রাস্তায় একটি পিকআপ ভ্যান রবিবার রাতে দ্রুত গতিতে যাচ্ছিল, সন্দেহ হলে কাফ্রিখাল ইউনিয়নের ফেডারেশন বাজার নামক স্থানে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে গাড়িটি গতিরোধ করে এবং গাড়িতে থাকা ড্রাইভারসহ দু’জনকে আটক করে ।
আদমদীঘিতে দম্পতিসহ ৬ মাদকসেবীর জেল
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ আদমদীঘিতে গাঁজা বিক্রি সেবন ও তাড়ি বিক্রির দায়ে স্বামী-স্ত্রীসহ ৬জনের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আদমদীঘির রামপুরা গ্রামের লছিরউদ্দিনের পুত্র ইয়াদুলকে তাড়ি বিক্রির ও কুসুম্বী গ্রামের মনছুর আলী ও তার স্ত্রী বেবী খাতুনকে গাঁজা বিক্রির দায়ে এক বছর করে, একই গ্রামের বাবলুর পুত্র মামুন, জমির সাখিদারের পুত্র আমজাদ এবং কেশরতা গ্রামের ইসমাইল হোসেনের পুত্র মতিউর রহমানকে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
নড়াইলে পিস্তলসহ দুইজন আটক
নড়াইল প্রতিনিধি \ নড়াইলে অস্ত্র ও গুলিসহ দু’জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। রবিবার শহরের রূপগঞ্জ নতুন বাসস্ট্যান্ড মোড় থেকে যাত্রীবাহী বাসে তল্ল¬াশী করে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাউলীপাড়া গ্রামের মোতাহার মুন্সীর ছেলে শাহিন মুন্সী (২৫) ও একই উপজেলার হাজারহাট গ্রামের নূর হাওলাদারের ছেলে দবির হাওলাদার (২৫)।
মুন্সীগঞ্জে শিক্ষার্থী ও ২০ শিক্ষককের সংবর্ধনা
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ রবিবার টঙ্গীবাড়ি উপজেলার দীঘিরপাড়ে এসি ইন্সটিটিউশনের ৮৮ শিক্ষার্থী ও ২০ শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির মাঠে এবার এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় এই সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি ও বায়তুল মোকারম ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইয়াকুব আলী সভাপতিত্ব করেন।
আগৈলঝাড়ায় পাঁচ মাস পর লাশ উত্তোলন
বরিশাল অফিস \ হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য দীর্ঘ পাঁচ মাস পর রবিবার আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের মোবারক আকন বারেকের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। নিহত বারেকের স্ত্রী ও মামলার বাদী খাদিজা বেগম জানান, তুচ্ছ ঘটনার জের ধরে উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামের উজ্জল আলী আকনের পুত্র মোবারক আকন বারেককে ২০১২ সালের ২৪ ডিসেম্বর প্রতিপক্ষ আহমেদ সরদারের পুত্র মন্টু সরদার, তার পুত্র আলমগীর সরদার, কাশেম হাওলাদারের পুত্র কালাম হাওলাদার ও তাদের সহযোগীরা পরিকল্পিত ভাবে হত্যা করে। বিচারকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম তালুকদারের উপস্থিতিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আক্কাস আলী কবর থেকে লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করেন।
গোদাগাড়ী উপজেলা পরিষদের বাজেট ঘোষণা
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা \ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার গোদাগাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা চেয়ারম্যান একেএম আতাউর রহমান খানের সভাপত্বিতে সভায় বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস,এম তহিনূর আলম। বিশেষ অতিথি ছিলেন হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশনের আঞ্চলিক সমন্বয়কারী আমির উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, রওশন আরা ডলি, কৃষি কর্মকর্তা ড. সাইফুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল হোসেন।
গাজীপুর পুলিশ লাইনস স্কুলে কম্পিউটার বিতরণ
গাজীপুর প্রতিনিধি \ প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের কারিগরি ও প্রযুক্তি শিক্ষা প্রসারের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার জিএস ইঞ্জিনিয়ারিং এন্ড কনষ্ট্রাকশন কর্পোরেশনের উদ্যোগে গাজীপুরে পুলিশ লাইনস স্কুলে বিনামূল্যে কম্পিউটার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার জিএস ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশনের প্রতিনিধি ও জেলার ঊর্ধ্বতন পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে গাজীপুরের জেলা পুলিশ লাইনস স্কুল প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিলরুবা শাহনাওয়াজ খান।
কাঠালিয়ায় দুই গাঁজা সেবনকারীর জরিমানা
কাঠালিয়া(ঝালকাঠি)সংবাদদাতা \ কাঠালিয়ায় জুয়েল (২০) ও সোহাগ মিয়া (২৫) নামের দুই গাঁজা সেবনকারীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পুলিশ গতকাল সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মহিষকান্দি গ্রাম থেকে দুই গাঁজা সেবনকারীকে গ্রেফতার করেছে। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মুহাম্মদ আমীরউদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ হাজার টাকা করে দু’জনকে ৮ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
