সিঙ্গার বাংলাদেশ এবারে তাদের পণ্যসম্ভারে যুক্ত করেছে হুয়াওয়ের স্মার্টফোন। প্রযুক্তি বিশ্ব যখন দ্রুত এগিয়ে যাচ্ছে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে স্মার্টফোন, তখন বাংলাদেশের ক্রেতাদের হাতেও অত্যাধুনিক সুবিধার সব স্মার্টফোন স্বল্পমূল্যে পৌঁছে দিতে সিঙ্গার হুয়াওয়ের এসব স্মার্টফোন বাজারে এনেছে। উইন্ডোজ ৮ ও অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমে চালিত স্মার্টফোনগুলোর অপারেটিং সিস্টেমগুলো নিয়মিত আপগ্রেড করার সুবিধার পাশাপাশি রয়েছে প্রতিটি ফোনে থ্রিজি নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা। সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং কমিউনিকেশন ম্যানেজার রাজিউর রহমান হুয়াওয়ের এসব স্মার্টফোন বাজারে নিয়ে আসা প্রসঙ্গে জানান, বাজারের অন্যান্য স্মার্টফোনের সাথে প্রতিযোগিতা করেই এসব ফোন তুলে দেওয়া হবে ক্রেতাদের হাতে। তিনি জানান, প্রাথমিকভাবে হুয়াওয়েই অ্যাসেন্ড ডাব্লিউ ১, হুয়াওয়েই অ্যাসেন্ড জি ৫১০, হুয়াওয়েই অ্যাসেন্ড ওয়াই ৩০০ এবং হুয়াওয়েই অ্যাসেন্ড ওয়াই ২০০ মডেলের চারটি স্মার্টফোন বাজারে ছাড়া হয়েছে। বিশেষ মূল্যে এগুলোর দাম ৮,৩৫০ টাকা থেকে ১৮,৯৯০ টাকা পর্যন্ত।
