আবাহনী ও বসুন্ধরা জিতেছে

আপডেট : ০৯ মে ২০১৯, ২১:২৩

ঢাকায় প্রচণ্ড গরম। মানুষ যেন পুড়ছে। এমন গরমে মাঠে ফুটবল খেলা কঠিন হলেও কাল নীলফামারীর আকাশে গরমের তেজ কমে গিয়েছিল দুপুরেই। ইত্তেফাক প্রতিনিধি শীষ রহমান জানিয়েছেন সকালে প্রচণ্ড গরম ছিল। দুপুরে কিছুটা ভালোর দিকে গড়ায়। মেঘলা আকাশ। ছায়া আছে। এমন আবহাওয়ায় ক্ষাণিকটা সুবিধা হয়েছে মাঠের ফুটবলারদের। অন্যান্য ভেন্যুর মতো কাল নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে গড়িয়েছে প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্বের খেলা। নিজেদের হোম ভেন্যুতে বসুন্ধরা কিংস ৩-১ গোলে শেখ জামালকে হারিয়েছে। রোজার দিন, মাঠে গিয়ে খেলা দেখার আগ্রহ অনেকের থাকে না। স্টেডিয়ামের গ্যালারির প্রায় পুরোটাই ফাঁকা ছিল। অন্যান্য সময় যখন খেলা হয়েছিল তখন গ্যালারিতে দর্শক ছিল। কাল সেটা দেখা যায়নি। তবে ভিআইপি গ্যালারিতে সেডের নিচে বসে খেলা দেখেছেন দর্শক। ১৩ খেলায় বসুন্ধরা কিংসের ১২ জয়। ড্র আছে একটি। একমাত্র দল বসুন্ধরা কিংস যারা এখনও হারেনি লিগে। বসুন্ধরা কিংস সারাক্ষণ শেখ জামালকে ঘিরে রেখেছিল। মাথা উঁচু করে দুই একবার দাঁড়ালেও সেটিও বেশি সময় থাকেনি। ৩৫ মিনিটে ব্রাজিলিয়ান ফুটবলার মারকোস ভিনিস্যুয়াসের আচমকা শট শেখ জামালের রক্ষণভাগের চোখ ফাঁকি দিয়ে জালে ঢুকে যায় ১-০। ৫২ মিনিটে শেখ জামালের নতুন রিক্রুট গাম্বিয়ান ফুটবলার এমিলি সামবো গোল করে সমতা আনেন ১-১। মিনিটে তিনেকের মধ্যে বসুন্ধরার মতিন মিয়ার গোলটি যেন বিনা বাঁধায় হলো ২-১। টিভির পর্দায় দেখা গেল বল ঠেকাতে শেখ জামালের গোলকিপার এমনভাবে ঝাঁপালেন যখন বল জালে ঢুকে গেছে। ৬৩ মিনিটে মতিন মিয়া নিজের দ্বিতীয় গোল করলেন ৩-১।  শেখ জামালে কোচের দায়িত্ব নিয়ে শফিকুল ইসলাম মানিকের প্রথম পরীক্ষা ছিল কাল। নিজের প্রথম খেলায় হারের গ্লানি নিয়েই ফিরতে হচ্ছে। প্রথম পর্বে বসুন্ধরা ১-০ গোলে হারিয়েছিল শেখ জামালকে। 

আবাহনীও ছুটছে

বসুন্ধরার পেছনে ছুটছে আবাহনী। কাল নোয়াখালীতে আবাহনী ২-০ গোলে হারিয়েছে নোফেল স্পোর্টিং ক্লাবকে। নোয়াখালীতে সানডে এবং জীবন গোল পেয়ে আনন্দ করেছেন। এই দুই স্ট্রাইকারের গোলে আবাহনীর পুরো পয়েন্ট নিয়ে ফিরেছে। ঢাকায় প্রথম পর্বে আবাহনী জিতেছিল ২-১ গোলে। কাল শহীদ ভুলু স্টেডিয়ামে আবাহনীর হাইতিয়ান বেলফোর্টও গোল পেতেন। তার শট গোলকিপারের হাতে থেমে যায়। অথচ তার আগেই রায়হানের থ্রো হতে সানডে ৫ মিনিটেই গোল আদায় করে নেন ১-০। ৩৬ মিনিটে পাওয়া আবাহনী দ্বিতীয় গোলটিরও উত্স ছিলেন রায়হান। লম্বা থ্রো করে বেলফোর্টের মাথায় ফেললে ব্যাকহেড করে বাইরে পেছনে ফেললে জীবন হেড করেন নোফেলের জালে ২-০। ১৩ খেলায় ১১ জয়ে আবাহনীর ৩৩ পয়েন্ট। নোফেলের ১৩ খেলায় ৯ পয়েন্ট।

গোপালগঞ্জে চট্টগ্রাম আবাহনীর জয়

চট্টগ্রাম আবাহনী ৪-১ গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়ে আবার জয়ের মুখ দেখল। মোহামেডান ছেড়ে যাওয়া এনকোয়াচা কিংসলে চিগোজি, দিদারুল এবং গাম্বিয়ান মাহমুদু বাহ ২ গোল করেন। মুক্তিযোদ্ধার গোলটি করেন জাপানী ফুটবলার ইউসুকো কাতো।

সিলেটে শেখ রাসেলের জয়

প্রিমিয়ার লিগের চারটি ম্যাচের মধ্যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ খেলা হয়েছে সিলেটে। আরামবাগের কাছে ১-০ গোলে পিছিয়ে থাকা শেখ রাসেল প্রায় নিশ্চিত হারতে যাওয়া ম্যাচটায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে। ২-১ গোলে জিতেছে শেখ রাসেল। একেবারে শেষ সময়ে শেখ রাসেল দুই গোল করে ম্যাচ ছিনিয়ে নেয়।

আজকের খেলা ঃ

সাইফ স্পোর্টিং ও রহমতগঞ্জ। ৭টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম। মোহামেডান ও বিজেএমসি।

৪টা, নোয়াখালী।