বকশীগঞ্জে ক্লাস চলে মাটিতে বসে

আপডেট : ২১ মে ২০১৩, ২১:৩২
বেঞ্চের অভাবে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর উত্তরপাড়া দেলোয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থী ক্লাস করে মাটিতে বসে। বিগত কয়েক বছরের ফলাফল পর্যালোচনায় বিদ্যালয়টি উপজেলার মধ্যে অন্যতম সেরা প্রাথমিক বিদ্যালয় এবং সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের নিজস্ব ইউনিয়ন মেরুরচর গ্রামে এর অবস্থান। ১৯৮৬ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি শিক্ষকদের আন্তরিকতা ও এলাকাবাসীর সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে। ২০০৪ সাল থেকে ২০১৩ পর্যন্ত প্রতিবছরই সমাপনী পরীক্ষায় শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করে বিদ্যালয়টি। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও শীর্ষে বিদ্যালয়টির অবস্থান। ২০০৬-০৭ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন এই স্কুলের প্রধান শিক্ষক মোঃ রকিবুল হাসান। বর্তমানে স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ২ শতাধিক। কিন্তু পুরো স্কুলে বেঞ্চ রয়েছে মাত্র ৩টি। তাই বাধ্য হয়েই মাটিতে বসে ক্লাস করে শিক্ষার্থীরা।