মির্জাপুর-কামারপাড়া-হাড়িয়া ১০ কিঃমিঃ সড়ক মরণফাঁদ

আপডেট : ২১ মে ২০১৩, ২১:৩৩
টাংগাইলের মির্জাপুর উপজেলার মির্জাপুর-কামারপাড়া-হারিয়া ১০ কিঃ মিঃ সড়কটি স্বাধীনতার ৪২ বছরেও উন্নয়ন হয়নি। রাস্তা তো নয় এটি যেন এখন মরণ ফাঁদে। ছোট ছোট হালকা যানবাহন চলাচল দূরের কথা, পায়ে হাঁটাই দুষ্কর। এই রাস্তায় টেম্পো ও ভটভটিতে চলাচল করতে গিয়ে নছিমন ও করিমন উল্টে খাদে পড়ে এ পর্যন্ত শিশু ও মহিলাসহ ১৩ জন নিহত হলেও রাস্তাটি উন্নয়নে প্রশাসনের টনক নড়েনি। এলাকাবাসী জানান মির্জাপুর উপজেলার দক্ষিণাঞ্চলে ভাওড়া, ভাতগ্রাম, ওয়ার্শী ও বহুরিয়া ইউনিয়ন এবং ঢাকা জেলার সাভার, ধামরাই, মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর ও ঘিওর উপজেলার যাতায়াতের একমাত্র ভরসা মির্জাপুর কামারপাড়া-হারিয়া সড়ক। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি কামারপাড়া বাজার সংলগ্ন হাড়িয়া নদীর উপর একটি পাকা ব্রীজ এবং এই রাস্তা নির্মাণের। কিন্তু তাদের সে দাবি আজও বাস্তবায়ন হয়নি। কলেজসহ ৩০-৩৫টি প্রাথমিক বিদ্যালয় এবং ৮-১০টি হাট-বাজার গড়ে উঠেছে এই রাস্তাটিকে ঘিরে। অথচ স্বাধীনতার ৪২ বছরেও এই রাস্তার উন্নয়ন না হওয়ায় দুর্ভোগের শেষ নেই। ৬ বছর পূর্বে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বিটিবির সাবেক মহা-পরিচালক বর্তমান পিএসসির সদস্য মোঃ ওয়াজেদ আলী খান ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ একাব্বর হোসেনের সহযোগিতায় মির্জাপুর বাবু বাজার ও মির্জাপুর উপজেলা পরিষদ সংলগ্ন বাইমহাটি থেকে চামুটিয়া পর্যন্ত রাস্তার উপর ইট বিছানো হলেও পুরো রাস্তা এখন ও মরণ ফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে পাহাড়পুর এলাকায় লৌহজং নদীর উপর একটি পাকা ব্রিজ নির্মাণ হলেও এর দু’-পাশে সংযোগ রাস্তা নির্মাণ না হওয়ায় এটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।