লালপুরে এমপি ও অধ্যক্ষের বিরুদ্ধে আওয়ামী লীগ সম্পাদকের মামলা

আপডেট : ২১ মে ২০১৩, ২১:৩৬
গত রবিবার লালপুর সহকারী জজ আদালতে গোপালপুর ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেফালী মমতাজ ও কলেজের অধ্যক্ষ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলীসহ ৯জনের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই কলেজের জিবি সদস্য ইসাহক আলী। মামলায় বলা হয়েছে অনৈতিক কাজের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত জিবি সদস্য জমসেদ আলীর সদস্য পদ বাতিল করেন নি। কলেজ অধ্যক্ষ সংসদ সদস্যের যোগসাজসে ওই সদস্যকে নিয়ে নিয়োগ বোর্ড গঠন করে গত ৩ ও ৪ মে নাটোর এন.এস. কলেজে হিসাব বিজ্ঞান, গ্রন্থাগার বিজ্ঞান, সমাজ বিজ্ঞান ও ইতিহাস বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন করে অনিয়ম করেছেন। এই পরীক্ষায় মেধা যাচাই না করেই মোটা অংকের অর্থের বিনিময়ে এ সব শিক্ষক নির্বাচন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ ইউনুস আলী অভিযোগ অস্বীকার করে জানান, নিয়োগ বোর্ড গঠনের সময় বাদী সহ পরিচালনা পরিষদের ১২ সদস্যই উপস্থিত ছিলেন। এমপি শেফালী মমতাজ বলেন, শিক্ষক নিয়োগে কোন কারচুপি হয়নি।