বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া বিওপি এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ দুই বাংলাদেশি যুবককে আটক করেছে। আটকের ঘটনায় দুই দফা পতাকা বৈঠকের পরও তাদেরকে ফেরত না দিয়ে মঙ্গলবার ভারতীয় পুলিশে সোপর্দ করেছে বিএসএফ ।
বিজিবি সূত্রে প্রকাশ, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কালুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৩০) রবিবার ঘাসুড়িয়া বিওপি এলাকার ২৮৮/৫৫ পিলারের পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। আশরাফুলকে আটকের দিন রুবেল (২৮) নামে আরও এক বাংলাদেশি যুবককে বিএসএফ আটক করেছে। সে বিরামপুর উপজেলার মামুদপুর গ্রামের মজনু মিয়ার ছেলে।
