টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা পূর্বপাড়া জামে মসজিদ ও গয়হাটা বেগম খোদেজা দাখিল মাদ্রাসার এক শিক্ষক (৫৫) কর্তৃক এক শিশু ধর্ষণের চেষ্টার ঘটনা নিয়ে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।
প্রকাশ, মেয়েটি (৯) মসজিদে মোবাইল চার্জ দিতে গেলে উক্ত শিক্ষক শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির ডাক চিত্কারের শব্দ পেয়ে শিশুর বড় বোন ঘটনাস্থলে গেলে ভণ্ড ইমাম ও শিক্ষক পালিয়ে যায়। এ নিয়ে তিনবার গ্রাম্য সালিশ হয়। ইউ.পি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান আসকরের সভাপতিত্বে গ্রাম্য সালিশে উক্ত ইমামকে দোষী সাব্যস্ত করে তাকে ওয়াক্তিয়া নামাজের ইমামতি থেকে অব্যাহতি দেয়া হয়। কিন্তু পুনরায় ঐ ইমামকে পুনর্বহালের পাঁয়তারা করলে এলাকায় গ্রুপিংয়ের সৃষ্টি হয়। এ ব্যাপারে গয়হাটা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান আসকর মোবাইলে জানান ধর্ষণের চেষ্টার ঘটনায় উক্ত ইমামকে অব্যাহতি দেয়া হয়েছিল। কিন্তু কতিপয় মাতব্বর ঐ ইমামকে মসজিদে ইমামতির জন্য পুনর্বহালের চেষ্টা করছে। উক্ত ইমাম সাংবাদিকদের বলেন, আমি মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করি নাই। শিশুটিকে আমি নাতনী হিসাবে কোলে তুলে নিয়েছিলাম।
