কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর জুমছড়িতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রিসেন্ট সোসাইটির রিলিফ কার্ড বিতরণের নামে কক্সবাজার ইউনিটের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার সহায়তায় একট চক্র সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাত্ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত এক বছরে শুধুমাত্র রিলিফ কার্ড বিতরণ করে ওই চক্রটি প্রায় সাড়ে ৩২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
জানা গেছে, স্বেচ্ছাসেবী সংস্থা বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি দুস্থ মহিলাদের নানা ধরনের সামগ্রী সাহায্য হিসাবে বরাদ্দ দেয়। একেকবারের তালিকায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের জুমছড়ি এলাকার ৫শ’ জন করে দুস্থ মহিলা অন্তর্ভুক্ত হয়। আর এসব ত্রাণ সরবরাহের দায়িত্ব পান খরুলিয়ার জনৈক ব্যবসায়ী কবির আহমদ। কিন্তু সুবিধাভোগীদের কাছ থেকে কোন ধরনের অর্থ গ্রহণের নিয়ম না থাকলেও কবির আহমদের নেতৃত্বে একটি সিন্ডিকেট পিএমখালীর ওই বরাদ্দ নিয়ে লুটপাটে মেতে উঠেছে। তারা সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে দুস্থ মহিলাদের কাছ থেকে বিভিন্ন সময়ে জনপ্রতি নির্দিষ্ট অংকের চাঁদা আদায় করে আসছে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কবির আহমদের নেতৃত্বে ওই চক্রটি আট মাস আগে প্রথম দফায় সুবিধাভোগী ৫শ’ দুস্থ মহিলাদের কাছ থেকে জনপ্রতি ৬শ’ টাকা করে আদায় করেন। এতে ৫শ’ জনের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেয় ওই সিন্ডিকেটটি। দ্বিতীয় পর্যায়ে ৫শ’ দুস্থ মহিলার কাছ থেকে জনপ্রতি ৫শ’ টাকা করে আড়াই লাখ টাকা আদায় করা হয়। এভাবে চক্রটি গত এক বছরে পিএমখালীর জুমছড়ি থেকে মোট সাড়ে ৩২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এদিকে দুস্থ ৩শ’ মহিলাকে প্রলোভন দিয়ে সম্প্রতি ১২ লাখ টাকা আত্মসাতের ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এর প্রতিবাদে গত শনিবার ক্ষতিগ্রস্ত দুস্থ মহিলারা জড়ো হয়ে পিএমখালী ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করে।
স্থানীয় ইউপি সদস্য শওকত আলম ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, অনেক দুস্থ মহিলা সুদের মাধ্যমে টাকা নিয়ে রিলিফ কার্ড পাওয়ার জন্য দিয়েছে। এখন রিলিফ কার্ড না পাওয়ায় এবং এ নিয়ে স্বামী-স্ত্রী ঝগড়াঝাটির জের ধরে ইতোমধ্যেই ৪ নারীর সংসার ভেঙ্গে গেছে।
এ বিষয়ে চক্রটির মূলহোতা হিসাবে পরিচিত কবির আহমদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে ফোন লাইন বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার রেডক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল মোস্তাফা সাংবাদিকদের জানান, এ রকম অভিযোগ তিনি শোনেননি। তবে কেউ প্রতারণামূলকভাবে করলেও করতে পারে। খোঁজ-খবর নিয়ে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
