আদালতের আদেশ অমান্য করে বসতঘরসহ বিরোধপূর্ণ জমি দখলে সহায়তা করায় জামালপুরের ডিবি ওসি ও ইসলামপুর থানার ওসিসহ ৫ পুলিশের কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। জামালপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গত ১৯ মে মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলা সূত্রে জানা যায়, ইসলামপুর পৌরসভার দরিয়াবাদ এলাকায় ১০ শতাংশ জমির মালিকানা নিয়ে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আনোয়ার হোসেনের সাথে একই এলাকার মোহাম্মদ আলী মোল্লার স্ত্রী আলেয়া বেগমের বিরোধ চলছে। এ নিয়ে জামালপুর যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে একটি মামলায় আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। আদালতের আদেশ অমান্য করে গত ১৩ মে জামালপুর ডিবি পুলিশের ওসি কামরুজ্জামান তালুকদার, ইসলামপুর থানার ওসি কাজী সাইদুর রহমান, ইসলামপুর থানার ওসি (তদন্ত) মতিউর রহমান, এসআই আবু সায়েম, এসআই সুনীলসহ অন্তত ১০ জন কনস্টেবল ওই বাড়িতে যান। পুলিশ আনোয়ার হোসেনের অনুপস্থিতিতে তার স্ত্রী রহিমা বেগমকে আসবাবপত্রসহ বসতঘর থেকে উচ্ছেদ করে আলেয়া বেগমকে দখল বুঝিয়ে দেয়। বাদীর আইনজীবী অ্যাডভোকেট শামছুল হক জানান, আদালতের আদেশ অমান্য করে সম্পদ দখলের অভিযোগে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের কেয়ারটেকার আব্দুল করিম বাদী হয়ে ৫ জন পুলিশ কর্মকর্তাসহ ১১ জনের রিরুদ্ধে মামলা দায়ের করেন।
