রামগঞ্জে অগ্নিকাণ্ডে প্রতিবন্ধী মহিলা ভস্ম

আপডেট : ২১ মে ২০১৩, ২১:৪০
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরস্থ বাইপাস সড়কে সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মানসিক প্রতিবন্ধী এক মহিলা মারা যান। অগ্নিকাণ্ডে পারটেক্সের গুদাম ও বসতঘর ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। প্রকাশ, পারটেক্সের সামগ্রী, বসতঘরে রাখা তুলাতে আগুন ধরে যাওয়ায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলে মানসিক প্রতিবন্ধী মরিয়ম বেগম (২৪) ঘর থেকে বের হতে পারেনি। স্থানীয়রা জানায়, মানসিক প্রতিবন্ধী মরিয়ম বেগমকে সোমবার তার পিতা চৌধুরী মিয়া মারধর করে তুলা রাখার রুমে শিকল দিয়ে বেঁধে রাখে। চৌধুরী ভিলার মালিক চৌধুরী মিয়া বলেন, আগুন দেখে আমি ও আমার স্ত্রী দৌড়ে বের হতে পারলেও মানসিক প্রতিবন্ধী মেয়েকে বের করতে পারিনি। আগুন নিভে যাওয়ার পর তার অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। পারটেক্স এপেক্সের পরিচালক আনোয়ার হোসেন বলেন,আগুনে গুদামে রাখা ৮ লক্ষাধিক টাকার সামগ্রী ভস্মীভূত হয়।