ডিসেম্বরে বিপিএলের সপ্তম আসর

আপডেট : ০৯ মে ২০১৯, ২১:২৭

এক বছরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি আসর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের ষষ্ঠ আসর শেষ হয়েছে গত ফেব্রুয়ারিতে। সপ্তম আসর মাঠে গড়াতে যাচ্ছে আগামী নভেম্বর-ডিসেম্বরে। সবকিছু ঠিক থাকলে আট মাস বিরতিতে বিপিএলের দুটি সংস্করণ উপভোগ করার সুযোগ পাচ্ছেন দেশের ক্রিকেটপ্রেমীরা।

জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০১৮ সালে হয়নি বিপিএল। দুই মাস পিছিয়ে চলতি বছরের শুরুতে হয়েছিল ষষ্ঠ আসর। তখনই আলোচনা ছিল এ বছর আরেকটি আসর আয়োজনের। এক বছরে দুই আসরের ব্যয় নির্বাহের কথা ভেবে অনেক ফ্র্যাঞ্চাইজি তখন রাজি হয়নি। তবে ধীরে ধীরে পরিস্থিতি বদলাচ্ছে। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি খেলতে রাজি হয়েছে। কারণ ডিসেম্বরে না হলে বিপিএল হবে আগামী বছর জানুয়ারিতে। সেক্ষেত্রে পার্থক্য মাত্র এক মাসের। আর বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তাদের আশা এক মাস বড় পার্থক্য তৈরি করবে না।

বছরের শেষ দিকে বিপিএল আয়োজনের সব চেষ্টাই করে যাচ্ছে বিসিবি। ইতোমধ্যে ডিসেম্বরে থাকা বাংলাদেশ দলের শ্রীলঙ্কার সফর এগিয়ে আনা হয়েছে জুলাইয়ে। ওই সময় তিনটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল বাংলাদেশের।

বিপিএলের সপ্তম আসর আয়োজন নিয়ে গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘এ বছরের নভেম্বর-ডিসেম্বরে বিপিএল সপ্তম আসর অনুষ্ঠিত হবে। যেটা হয়ে গেল এটা ছিল ২০১৮ এর বিপিএল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২ মাস পিছিয়ে জানুয়ারিতে করা হয়েছিল ষষ্ঠ আসরটি। সেটা ছিল জাতীয় স্বার্থে। প্রতিবছর তো নির্বাচন হবে না। কাজেই এ বছরের স্লটে আরেকটি বিপিএল হবে। নভেম্বর-ডিসেম্বরের পেছনে আমরা যাব না। তবে এটা এখনো আলোচনার পর্যায়ে আছে।’

সপ্তম আসরে ভেন্যু বাড়ানোর চিন্তা-ভাবনা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। শেষ দুটি আসরে বিপিএল অনুষ্ঠিত হয়েছিল তিনটি ভেন্যুতে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে খেলা হয়েছিল। এবার চতুর্থ ভেন্যু হিসেবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামকে প্রস্তুত করা হচ্ছে বলেই জানালেন শেখ সোহেল। বিসিবির এই পরিচালক গতকাল বলেছেন, ‘আসলে খুলনা স্টেডিয়ামে অনেক দিন আন্তর্জাতিক ম্যাচ হয় না। কিছু কাজ আছে স্টেডিয়ামের। যেমন ধরেন, শহর থেকে স্টেডিয়ামের পথে রাস্তা ঠিক নেই, স্টেডিয়ামও ঠিক নেই। যদি কাজগুলো আমরা সময়মতো শেষ করতে পারি তাহলে আগে তিনটা ভেন্যু ছিল, এবার চারটি হবে।’