শেরে বাংলার বিশ্রামাগার দখলকারীকে উকিল নোটিস

আপডেট : ২২ মে ২০১৩, ২১:৪১
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের বানারীপাড়ার চাখারের বিশ্রামাগারটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধ দখলের অভিযোগ পাওয়া গেছে। শেরেবাংলার একমাত্র পুত্র সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত একে ফায়জুল হকের স্ত্রী রুখসানা হক অভিযোগ করেন তার শ্বশুর শেরেবাংলার স্মৃতি বিজড়িত বিশ্রামাগারটি চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল হক টুকু অবৈধভাবে দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। তিনি জানান, স্বামী ফায়জুল হক মৃত্যুর পূর্বে তাকে ওই বিশ্রামাগারের চাবি হস্তান্তর করেছিলেন। কিন্তু টুকু তাদের সঙ্গে কোন প্রকার যোগাযোগ ছাড়াই বিশ্রামাগারটি পারিবারিকভাবে আত্মসাতের পরিকল্পনায় দখল করে ব্যবহার করছেন। এ ব্যাপারে তিনি টুকুকে উকিল নোটিস পাঠিয়েছেন বলেও জানান। এদিকে চাখার শেরেবাংলা জাদুঘর সংলগ্ন বিশ্রামাগারটি দখল করে আড্ডখানায় পরিণত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু দাবি করেন, বিগত ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিশ্রামাগারটি নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহারের জন্য তত্কালীন আওয়ামী লীগ প্রার্থা একে ফায়জুল হক তাকে চাবি দিয়েছিলেন। পরবর্তীতে এটি অরক্ষিত থাকায় সংস্কার করে তিনি ব্যবহার করছেন এবং তিনি ওই উকিল নোটিসের জবাব দেবেন বলেও জানান।