ইটভাটার গরম বাতাসে জমির ধান নষ্ট হওয়ার প্রতিবাদে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহযোগিতা প্রদানের দাবিতে কৃষকেরা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। পরে তারা জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়। মঙ্গলবার দুপুরে ইটভাটার কারণে নষ্ট হওয়া ধান নিয়ে ২ শতাধিক কৃষক শহরে আসে এবং বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দীন, সদর থানার আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দীন, দেবীপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক জমির উদ্দীন।
উল্লেখ্য, গত ১৮ মে সদর উপজেলার দেবীপুর ভাকুরাপাড়া গ্রামে বাড়ি ব্রিকস নামে একটি ইটভাটার গরম বাতাসে ৩৫ একর জমির বোরো ধান ঝলসে যায়। এতে অর্ধ শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়।
