কালভার্ট নির্মাণের এক বছর পরই স্লাবে ধস

আপডেট : ২২ মে ২০১৩, ২১:৪৪
নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের একটি বক্স কালভার্ট নির্মাণের এক বছর যেতে না যেতেই (খালের ওপর সেতু) পাটাতনে (স্লাবে) গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তে পড়ে প্রতিদিন বিভিন্ন যানবাহনের আরোহীরা আহত হচ্ছেন। রাতের আঁধারে গর্তটি পথচারিদের জন্যে মরণ ফাঁদে পরিণত হয়েছে। নান্দাইল-জাহাঙ্গীরপুর সড়কের সিংদই এলাকার নরসুন্দা টঙ্গী খালের ওপর এ কালভার্টটি নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজ তদারকি করে নান্দাইল উপজেলা এলজিইডি কার্যালয়। ২০১২ সালের ১০ মে কালভার্টের নির্মাণ কাজ শেষ হয়। এ বিষয়ে নান্দাইল উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মো. রাজিউল্লাহ বলেন, কালভার্টটির স্লাবের ওপর নির্মিত সড়কের বিটুমিন ও পাথর উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। গর্তটি সারাই করে দেয়া হবে।