কিশোরগঞ্জে ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ২২ মে ২০১৩, ২১:৪৬
প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরীকে ধর্ষণের দায়ে করিমগঞ্জ উপজেলার পূর্ব আশতকা গ্রামের আব্দুর রহিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দায়রা জজ সাদিক গোলাম সারোয়ার এই রায় প্রদান করেন। সাক্ষ্য-প্রমাণের অভাবে এই মামলায় অভিযুক্ত অপর দুইজনকে বেকসুর খালাস দেয়া হয়। জানা যায়, আব্দুর রহিমের সঙ্গে একই গ্রামের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০০৩ সালের ১৭ মে রহিম তার প্রেমিকাকে জরুরি কথা আছে বলে বাড়ির পশ্চিম পাশে নদীর পাড়ে পাট ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে কিশোরীর চিত্কারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দণ্ডিত ব্যক্তি বর্তমানে কিশোরগঞ্জ কারাগারে আটক রয়েছে।