আজ ২৩ মে ইতনার গণহত্যা দিবস। ইতনা ঠিক বিপরীতে মধুমতি নদীর ওপারে চরভাটপাড়া গ্রামে পাক সেনারা চালায় ২২ মে গণহত্যা, অগ্নিসংযোগ ও মা-বোনদের সম্ভ্রমহানি। এ ঘটনায় কৃষক অনিল কাপালী মা-বোনদের প্রতি অত্যাচার সহ্য করতে না পেরে খালি হাতে ঝাঁপিয়ে পড়ে এক পাক-সেনার ওপর। বীর বাঙালি অনিল কাপালী পাক সেনার কাছ থেকে তার রাইফেল কেড়ে দৌড়ে যায় নদীর দিকে। মধুমতি নদীতে অস্ত্র ফেলে নিজে সাঁতার কেটে চলে আসে এপারে ইতনায়। পরের দিন ইতনায় গণহত্যার পরিকল্পনা করে ৫টি নৌবহরে পাক সেনারা পুরো গ্রাম ঘিরে ফেলে কাক ডাকা ভোরে। ঐদিন কমপক্ষে ৫০ থেকে ৬০ জন গ্রামবাসীকে পাক সেনারা হত্যা করে। এ উপলক্ষে ইতনায় শহীদদের স্মরণে আজ বিকালে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
