কৃষকের পরিবর্তে গাইবান্ধায় আবুল হোসেন নামে এক ব্যবসায়ী আওয়ামী লীগ নেতার ধান কিনে জেলার ধান চাল সংগ্রহ অভিযান শুরু করা হল। গত রবিবার জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ খাদ্য গুদামে এ অভিযানের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন খাদ্য বিভাগ রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক পরিমল চন্দ্র সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম। গোবিন্দগঞ্জ উপজেলা কৃষক সমিতির সভাপতি তাজুল ইসলাম জানান, উদ্বোধনের দিন থেকেই ক্রয় নীতিমালা লংঘন করে সরকার দলীয় লোকজনের কাছে ধান কিনে অনিয়মের যাত্রা শুরু হলো। যার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ফলে এবছরও কৃষকরা সরকারি গুদামে ধান বিক্রি করতে পারবে না। আবুল হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আবুল হোসেনের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল। মহিমাগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিতাই কুমার বর্মন জানান, কৃষকের কাছে মানসম্মত ধান না পাওয়ায় উদ্বোধনের দিন শুধুমাত্র আবুল হোসেনের কাছ থেকে ৪০০ কেজি ধান কেনা হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল জানান, ক্রয় নীতিমালা অনুযায়ী কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনতে হবে ঠিক। কিন্তু তড়িঘড়ি করে উদ্বোধন অনুষ্ঠান করার কারণে কৃষকের ধান পাওয়া যায়নি।
