কেন্দুয়ায় মুক্তিযোদ্ধার দোকান ভাংচুর

আপডেট : ২২ মে ২০১৩, ২১:৫১
দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়ায় এক মুক্তিযোদ্ধার দোকানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বিদ্যাবল্লভ বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে কালেঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও পার্শ্ববর্তী বিদ্যাবল্লভ ও চিকনী গ্রামের তাহের গংদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বিকেলে পূর্ব পরিকল্পিতভাবে তাহের গংরা বাজারে আব্দুল হাইয়ের দোকান ঘর ও ধান চালের আড়ত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় হামলায় কালেঙ্গা গ্রামের স্কুল ছাত্র আতিকুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, চিকনী গ্রামের তাহের মিয়াসহ ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছায়েদ মিয়া নামে একজনকে আটক করে। মুক্তিযোদ্ধা আব্দুল হাই জানান, দুই যুগ ধরে তিনি বিদ্যাবল্লভ বাজারে ব্যবসা পরিচালনা করে আসছেন। জায়গা দখল নিতে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়ে তারা দোকানের মালামাল লুটসহ ৪ লাখ টাকার ক্ষতি করেছে।