সাবেক সংসদ সদস্য ও ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান শামছুল হক তালুকদার ছানুকে দুর্নীতির দায়ে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা-১ শাখা হতে উপসচিব মোঃ সবুর হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ অপসারণ করা হয়। জানা যায়, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শামছুল হক তালুকদার ছানু ২০১১ সালের জুন মাসে উপজেলা পরিষদের কার্যবিবরণী, জুলাই মাসে সংশোধনী না এনে জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে দ্বিতীয় কার্যবিবরণী তৈরি করে ৪টি প্রকল্পের প্রায় ২০ লাখ টাকা আত্মসাত্ করে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা পরিষদ আইনে তাকে স্বীয় পদ থেকে অপসারণ করা হয়েছে। এদিকে ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হওয়ায় প্যানেল চেয়ারম্যান-১ মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তারকে অস্থায়ী চেয়ারম্যানের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।
