হামলা-মামলার বেড়াজালে বন্দি নাটোরের সিংড়া উপজেলার বাহাদুরপুর কারিগরি স্কুল এন্ড কলেজের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। রাজনৈতিক ও দলীয় প্রভাব, শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাতে ওই প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এমনকি ছাত্র-ছাত্রীদের অনেকেই ভয়ে আর প্রতিষ্ঠানে যায় না। কেউ কেউ ছাড়পত্র নিয়ে ভর্তি হয়েছে অন্য প্রতিষ্ঠানে। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শেখ রকিবুল ইসলাম এখন কলেজ থেকে বিতাড়িত। তার বিরুদ্ধে অন্য শিক্ষককে মারপিট, এসিড নিক্ষেপসহ ৩টি মামলা দেয়া হয়েছে। হামলার ভয়ে প্রতিষ্ঠানের অপর ৪ জন শিক্ষক, কর্মচারী ওই প্রতিষ্ঠানে যেতে পারে না। তারা হলো: প্রভাষক আবু রায়হান, অফিস সহকারী শহিদুল ইসলাম, বিএম শাখার অফিস সহকারী আব্দুস সালাম ও পিয়ন ছায়েমুদ্দিন। বর্তমানে পক্ষে-বিপক্ষে ৮টি মামলা ঝুলছে। এসব মামলার আসামি ও বাদী ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউএনও সাইফুর রহমান খান বলেন,আমি দু’পক্ষকে নিয়ে একাধিকবার বসে সমাধানের চেষ্টা করেছি কিন্তু কোন পক্ষ মীমাংসায় আসেনি। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তিনি আরও বলেন, দু’পক্ষের প্রায় ৮টি মামলা রয়েছে।
