নীলফামারী জেলার বাণিজ্যিক শহর সৈয়দপুরে পূর্ণাঙ্গ স্টেডিয়াম গড়ে ওঠেনি। স্টেডিয়ামের নামে যে মাঠটি রয়েছে তা অনেকটা অরক্ষিত। বর্তমানে স্টেডিয়ামের পরিত্যক্ত মাঠটি শুধু দু’টি জাতীয় দিবসে ব্যবহূত হয়। সারাবছর মাঠ পরিত্যক্ত অবস্থায় থাকে। উপজেলা ক্রীড়া সংস্থারও স্টেডিয়ামটি উন্নয়নের দিকে নজর নেই। স্টেডিয়ামে দিনেরবেলা গরু চরে, আর রাতে অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়। বৃহত্তর রংপুর-দিনাজপুর জেলার মধ্যবর্তী শহর সৈয়দপুর। যোগাযোগ ক্ষেত্রে সড়কপথ, রেলপথ ও আকাশপথের ব্যবস্থা রয়েছে। ফলে বিভাগীয় পর্যায়ের খেলার ভেন্যু হতে পারে সৈয়দপুর স্টেডিয়ামটি। এজন্য প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। সৈয়দপুর স্টেডিয়ামকে যদি পূর্ণাঙ্গ স্টেডিয়াম হিসেবে গড়ে তোলা যায় তাহলে প্রতিবছর এখানে জমজমাট খেলাধুলা হতে পারে।
সূত্র জানায়, ১৯৭৬ সালে এলাকার সমাজসেবক মরহুম ডা.আব্দুল গফফার সৈয়দপুর স্টেডিয়াম গড়ে তোলার জন্য ৫ শতক জমি দান করেন। ১৯৭৭ সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরবর্তীতে প্রায় ৪ একর পরিত্যক্ত জমি স্টেডিয়ামের নামে বরাদ্দ দেন জেলা প্রশাসক। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৈয়দপুরে আসলে স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিরা একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের দাবি জানান। তাদের দাবি মেনে নিয়ে তিনি ২ লাখ টাকা বরাদ্দ দেন।
