নেত্রকোনা পৌর এলাকার হোসেনপুরে অবকাঠামোগত সকল সুযোগ-সুবিধা থাকাসহ সিএনজি স্টেশন নির্মাণ করা হলেও গত চার বছর যাবত্ গ্যাসের সংযোগ না দেয়ায় সিএনজি গাড়ি চালকরা বিপাকে পড়েছেন। তারা ময়মনসিংহ হতে গ্যাস আনতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। অথচ নেত্রকোনায় গ্যাসের লাইন রয়েছে। কর্তৃপক্ষের চরম অবহেলার কারণে গ্যাস সংযোগ দেয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। নেত্রকোনায় সিএনজি গ্যাসের চাহিদা মোতাবেক নেত্রকোনার হোসেনপুরে ব্যক্তিগত উদ্যোগে ২০০৯ সালে এআর খান পাঠান সিএনজি রিফুয়েলিং স্টেশন নির্মাণ করা হয়। গ্যাস সংযোগ প্রদানের আশাবাদের প্রেক্ষিতে ৫ কোটি টাকা ব্যয়ে অবকাঠামোগত সকল উন্নয়ন কর্মকাণ্ড এবং মেশিন স্থাপন করা হয়। এখন এই সমস্ত মেশিন বিনষ্ট হচ্ছে বলে জানা গেছে। এদিকে নেত্রকোনায় সিএনজি স্টেশন আছে মনে করে বিপুল সংখ্যক গাড়ির চালক ময়মনসিংহে বা ঢাকায় সিলিন্ডারে গ্যাস না ভরে নেত্রকোনায় চলে আসেন। কিন্তু গ্যাস না পাওয়ায় তাদের বিড়ম্বনার শেষ নেই।
