প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক এলাহী চৌধুরীর জাল স্বাক্ষর সম্বলিত সুপারিশপত্র দিয়ে বিদ্যুত্ সংযোগের আবেদন করতে গেলে দিনাজপুর পল্লী বিদ্যুত্ সমিতি (২) কর্তৃপক্ষ দুই যুবককে আটক করে মঙ্গলবার বিরামপুর থানায় সোপর্দ করে। তারা বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর গ্রামের তনছের আলীর ছেলে জাকিরুল ইসলাম (২৪) ও কাজেমের ছেলে কবির হোসেন (২০)। আটক যুবকদ্বয় জানান, ঢাকায় অবস্থানকারী তাদের এক আত্মীয় জ্বালানি উপদেষ্টার এই সুপারিশপত্র সংগ্রহ করে দিয়েছে। তারা অল্প শিক্ষিত কৃষক, সেচ পাম্প স্থাপনের জন্য বিদ্যুত্ সংযোগ পাওয়ার আশায় সেই সুপারিশপত্র যুক্ত করে পল্লী বিদ্যুত্ সমিতিতে মঙ্গলবার আবেদন করতে গেলে ঐ পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী আব্দুর রাজ্জাক তাদের সুপারিশপত্রকে জাল আখ্যায়িত করে তাদেরকে পুলিশে সোপর্দ করেন। থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, আটককৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে। পল্লী বিদ্যুত্ কর্তৃপক্ষের অভিযোগ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
