২০১৮-১৯ অর্থবছরে এমিরেটসের মুনাফা ২৩ কোটি ৭০ লাখ ডলার

আপডেট : ০৯ মে ২০১৯, ২১:৪৬

জ্বালানি তেলের মূল্যে ঊর্ধ্বগতি, বিশ্বব্যাপী তীব্র প্রতিযোগিতা এবং প্রতিকূল কারেন্সি ইমপ্যাক্ট সত্ত্বেও এমিরেটস এয়ারলাইন গত ৩১ মার্চ ২০১৯ সমাপ্ত ২০১৮-১৯ অর্থবছরে ২৩ দশমিক ৭ কোটি মার্কিন ডলার মুনাফা অর্জন করেছে। অর্জিত মুনাফা পূর্ববর্তী বছরের তুলনায় ৬৯% কম। গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে কঠিন প্রতিযোগিতা মোকাবিলা করে এমিরেটস তার রাজস্ব গত বছরের তুলনায় ৬% বৃদ্ধি করতে সমর্থ হয়েছে।  রাজস্বের পরিমান ছিল ২৬.৭ বিলিয়ন মার্কিন ডলার। এমিরেটস এয়ারলাইন, ডানাটা এবং অন্যান্য অঙ্গপ্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত এমিরেটস গ্রুপ ৯ মে ২০১৯ দুবাইয়ে তাদের ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। উল্লেখিত অর্থবছরে এমিরেটস গ্রুপের অর্জিত মুনাফার পরিমাণ ৬৩.১ কোটি মার্কিন ডলার, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৪৪% কম। তবে একই সময় গ্রুপের রাজস্ব আয় আগের বছরের তুলনায় ৭% বৃদ্ধি পেয়ে ২,৯৮০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।