২০১৮ সালে ৩৬০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগের রেকর্ড

আপডেট : ০৯ মে ২০১৯, ২১:৪৭

গেল বছর ২০১৮ সালে দেশে নীট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) পাওয়া গেছে ৩৬০ কোটি মার্কিন ডলারের যা পূর্ববর্তী বছরের হতে ৬৮ ভাগ বেশি। ২০১৭ সালে এফডিআই এসেছে ২ দশমিক ১ বিলিয়ন বা ২১০ কোটি ডলার সমপরিমাণ। গতকাল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বিডা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, ২০১৮ বর্ষে প্রত্যক্ষ মোট বৈদেশিক বিনিয়োগের পরিমাণ সাড়ে ৪ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া  গেছে। যা পূর্ববর্তী বছরসমূহের সকল রেকর্ড ভঙ্গ করেছে। আশা করা যায় ২০২১ সালে আমাদের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ দুই অঙ্কের লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব হবে।

তিনি জানান, ২০১৮ সালে বিনিয়োগে রেকর্ড করেছে চীন। দেশ হিসেবে চীন হতে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে। এ বছর সমমূলধন হিসেবে প্রাপ্ত বিনিয়োগ গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি অর্জিত হয়েছে। পুনঃবিনিয়োগ খাতও গতবছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে, যার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা বাংলাদেশে অব্যাহত রয়েছে বলে তিনি মনে করেন। আন্তঃকোম্পানি ঋণের পরিমাণ বিনিয়োগে গত বছরের তুলনায় ৪ গুণের বেশি হয়েছে। গতবারের ন্যায় এবারও সর্বোচ্চ বিনিয়োগ এসেছে বিদ্যুত্ খাতে, এরপরই খাদ্য ও বস্ত্র খাতে সর্বোচ্চ বিনিয়োগ অর্জিত হয়েছে।

বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের চিত্র পর্যবেক্ষণ করলে দেখা যায় ১৯৯৫ সালে এর পরিমাণ ছিল ৯২ মিলিয়ন ডলার। ২০০৮ সালে বিনিয়োগের পরিমাণ প্রথমবারের মতো ১ বিলিয়ন ডলার অতিক্রম করে যা ২০০৯ বর্ষে আবারো ১ বিলিয়নের নিচে নেমে যায়। ২০১১ সাল হতে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়ে ২০১৮ সালে ৩.৬ বিলিয়নে এসে পৌঁছেছে।