দুই কোটি টাকার ফোন বিল!

আপডেট : ২৩ মে ২০১৩, ২০:১৭
বর্তমান এই সময়ে ফোন ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু ফোনের বিল মাসে কত হতে পারে? অনেকেরই ফোনের বিল মাসে কয়েক হাজার টাকা হয়ে যেতে পারে। কিন্তু এক মাসে ফোনের বিল লক্ষাধিক টাকা! তা হলেও না হয় হতো। এক মাসের ফোন বিলে প্রায় দুই কোটি টাকার অংক দেখে সত্যিই ভিরমি খেয়েছেন অ্যালান এবং ক্যারোলিন মাজকোউরি। যুক্তরাজ্যের সোয়ানসিয়ার অধিবাসী অ্যালান ও ক্যারোলিন তাদের ব্যবসার জন্য অরেঞ্জ ফোনের ১০টি ফোন ব্যবহার করে আসছেন। প্রতি মাসে তারা গড়ে ৩০০ পাউন্ড (প্রায় ৩৫ হাজার টাকা) বিল দিয়ে থাকেন এর জন্য। তবে তাদের গত সেপ্টেম্বর মাসের বিল এসেছে ১,৬৩,০০০ পাউন্ড; যা প্রায় দুই কোটি টাকার সমান। গত সামারে তাদের ব্যবহূত ফোনগুলো কিছুটা গরম হয়ে যাওয়ায় ফোনগুলো বদলে দেয় অরেঞ্জ। এর কিছুদিন পরেই ফোনের সংযোগ কেটে দেওয়া হয় বিল বকেয়ার অভিযোগে। এ সময় জানানো হয়, এই ফোনগুলো ব্যবহার করে ইন্টারনেটে ডাউনলোড করা হয়েছে এবং এর পরিমাণ ১৫ হাজার গান বা ৫০ লক্ষ ইমেইলের সমান। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো কাজই হয়নি এই ফোনগুলো থেকে। এরই প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে যোগাযোগের পর অবশেষে অরেঞ্জ কর্তৃপক্ষ ভুল স্বীকার করে নিয়ে পুরো বিলটাই বাতিল করে দেয়। মাজকোউরিদের ২৫০ পাউন্ডের ক্ষতিপূরণও প্রদানের প্রস্তাব করে অরেঞ্জ।