জুনে হবে সুপার কাপ

আপডেট : ২৩ মে ২০১৩, ২২:১৩
আগেই জানানো হয়েছিল সুপার কাপ ফুটবল হবে জুনে। কিন্তু তখন তারিখ ঘোষণা করা হয়নি। গতকাল বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন জানিয়েছেন সুপার কাপ অনুষ্ঠিত হবে ১৪ থেকে ২৫ জুন। তবে কোটি টাকার চ্যাম্পিয়নশিপ পুরস্কার আর থাকছে না। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ টাকা। গতকাল দুপুরে পেশাদার ফুটবল ক্লাবগুলোর সাথে গতকাল বৈঠক করেছেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। তিনি ক্লাবগুলোর সাথে আলোচনা করে সুপার কাপ ফুটবল টুর্নামেন্টটি আয়োজনের জন্য নিশ্চয়তা পেতে ক্লাবগুলোর সাথে বসেন। কারণ কয়েকটি ক্লাব সুপার কাপে খেলবে কিনা, এ নিয়ে সংশয় ছিল। বিজেএমসি ছাড়া অন্য ক্লাবগুলোর বড় কর্তারাই উপস্থিত ছিলেন সভায়। শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে না বলে আগে জানিয়েছিল। কিন্তু তারাও গতকাল সম্মতি দিয়েছে সুপার কাপের ব্যাপারে। শেখ জামালের সভাপতি মঞ্জুর কাদের বলেছেন ‘ফুটবলের বৃহত্তর স্বার্থে এবং আমার বন্ধু কাজী সালাহউদ্দিনের জন্যই সুপার কাপ খেলতে রাজি হয়েছি। আমার এই মুহূর্তে খেলার মতো অবস্থা নেই। তারপরও আমি খেলবো।’ লিগ চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরি বলেছেন, ‘আমরা যেহেতু পেশাদারিত্বের কথা বলছি। তাই আমাদের খেলা উচিত। তাছাড়া খেলোয়াড়দের সঙ্গে চুক্তিটা আগস্ট পর্যন্ত রয়েছে।’ মোহামেডান সুপার কাপে খেলবে না বলে বাফুফের সভাপতির ডাকা বৈঠকে জানিয়ে গেছেন ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন। তারা একদিন সময় নিয়ে বাফুফেকে জানাবেন। মোহামেডানের আগ্রহটা কম, কারণ তাদের দল নাকি প্রস্তুত নেই। মোহামেডান সুপার কাপের প্রথম চ্যাম্পিয়ন। পেশাদার ফুটবল লিগের আট দল খেলবে এই টুর্নামেন্টে। টুর্নামেন্টের নতুন নিয়মে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ২০ লাখ টাকা। গত দুই আসরে রানার্সআপ দল পেয়েছে ৫০ লাখ টাকা। ফাইনালের দুই দল ছাড়া অন্য দলগুলো পাবে ১৫ লাখ টাকা করে। তবে এই আসরে বিদেশি ফুটবলার থাকছে না। স্থানীয় ফুটবলারদের জায়গা বেশি থাকছে।