টেনিসের জীবন্ত কিংবদন্তি বরিস বেকারের বিশ্বাস ফ্রেঞ্চ ওপেনে রাফায়েল নাদালের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটাতে পারবেন নোভাক জোকোভিচ। ইএসপিএনকে দেয়া এক দীর্ঘ সাক্ষাত্কারে ছয়বারের গ্রান্ড স্ল্যাম শিরোপাধারী বেকার কথা বলেছেন রোলা গারোতে পুরুষ এককের শীর্ষ তারকাদের সমস্যা-সম্ভাবনাসহ নানা বিষয়ে।
প্যারিসের লাল কোর্টের সঙ্গে নাদালের সখ্যতাটা বেশ পুরনো। সেই ২০০৫ সালে শুরু। এরপরে গত আট বছরে সাতবারই ফ্রেঞ্চ ওপেন শিরোপা ঘরে তুলেছেন এই স্প্যানিশ। ইনজুরির কারণে মাঝে একবারই শুধু রজার ফেদেরারের কাছে শিরোপা হাতছাড়া করতে হয় তাকে। ইনজুরি সমস্যাকে পিছনে ফেলে সর্বশেষ দুটি ক্লে কোর্ট টুর্নামেন্টে শিরোপা জিতে নিয়ে নাদাল এরই মধ্যে বুঝিয়ে দিয়েছেন এত সহজে রোলা গারোর দখল ছাড়ছেন না তিনি।
বেকারও মাথায় রাখছেন ইনজুরি থেকে নাদালের দুর্দান্ত প্রত্যাবর্তনের বিষয়টি। তবে তারপরও এই জার্মানের বিশ্বাস ক্লে কোর্টের একমাত্র গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টটিতে নাদালের একাধিপত্য খর্ব করার সামর্থ্য আছে জোকোভিচের। সাক্ষাত্কারে বেকার বলেন, ‘নাদালের প্রত্যাবর্তনটা আসলেই দুর্দান্ত হয়েছে। ফেব্রুয়ারির শুরুতে কে ভাবতে পেরেছিল মে মাসের মাঝামাঝি সময়ে সে বর্ষসেরা হওয়ার দৌড়ে জোকোভিচের সাথে পাল্লা দিতে পারবে? নাদাল ফ্রেঞ্চ ওপেনের সাতবারের বিশ্বসেরা। সন্দেহ নেই দুর্দান্ত একটা রেকর্ড এটা। অথচ ক্রিসমাসের সময়ও (গত ডিসেম্বরে) সন্দেহ ছিল সে আবারো ফিরতে পারবে কিনা। তার হাঁটু চাপ সহ্য করতে পারবে কিনা।’
এরপরেই ৪৫ বছর বয়সী এই জার্মান বলেছেন তার জোকোভিচ প্রিয়তার কথা। তিনি বলেন, ‘কিন্তু তাই বলে আপনি জোকোভিচকে অগ্রাহ্য করতে পারবেন না। সে বিনা কারণে র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় হয়নি। তাছাড়া সেই একমাত্র খেলোয়াড় যে কিনা এই বসন্তে ক্লে কোর্টে হারাতে পেরেছে (মন্টে কার্লো মাস্টার্সে)। আমার মনে হয় এবছরও আমরা গত বছরের ফাইনালটির পূর্ণ মঞ্চায়ন দেখতে পাব।’
ইনজুরি থেকে ফেরার পর এ পর্যন্ত আটটি টুর্নামেন্ট খেলা নাদাল সবগুলোরই ফাইনালে খেলেছেন। এর মধ্যে শিরোপা জিতেছেন ছয়টিতে। যার সর্বশেষটি এসেছে গত সপ্তাহে ফেদেরারকে হারিয়ে। বেকার উড়িয়ে দিচ্ছেন না ফেদেরারের সম্ভাবনাও। যদিও তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা খেলোয়াড়টির পারফরম্যান্সের গ্রাফ গত কয়েক বছর ধরেই নিম্নমুখী। বেকার বলেন, ‘ফেদেরারের কোন সম্ভাবনাই নেই আমি সেটা বলবো না। তার দিনে সে এখনো যে কাউকে হারানোর ক্ষমতা রাখে।’ সেরা তিনের পাশাপাশি বেকার বলেছেন টুর্নামেন্টের কিছু ‘ডার্ক হর্সে’র কথাও। যারা কিনা যে কোন মুহূর্তে অঘটনের জন্ম দিতে সক্ষম। আর এমন খেলোয়াড়দের মধ্যে বেকার উল্লেখ করেছেন, টমাস বার্ডিচ, ডেভিড ফেরার এবং স্বাগতিক দেশের জো-উইলফ্রেড সোঙ্গার নাম।
এদিকে টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগেই ফ্রেঞ্চ ওপেনে না খেলার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন র্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা অ্যান্ডি মারে। সদ্য সমাপ্ত রোম মাস্টার্সে পিঠের পুরনো ব্যথা জেগে ওঠায় টুর্নামেন্টের মাঝপথেই নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন মারে। ফলে শঙ্কা জেগে ওঠে ফ্রেঞ্চ ওপেনে খেলার ব্যাপারেও। সেই আশঙ্কাকে সত্য পরিণত করে মারে গত মঙ্গলবার ব্রিটিশ প্রেস অ্যাসোসিয়েশনকে এক বিবৃতিতে বলেন, ‘এটা কঠিন একটা সিদ্ধান্ত। কিন্তু আমাকে বলতেই হচ্ছে, চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী আমি প্যারিসে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’
ড্র অনুষ্ঠানের মাধ্যমে আজ থেকেই পর্দা উঠছে রোলা গারোর। তবে কোর্টে বল গড়াবে আগামী রোববার থেকে।
