২০১৫ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল বার্লিনে

আপডেট : ২৩ মে ২০১৩, ২২:১৫
বার্লিনে ২০১৫ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই প্রথম বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার উয়েফা আরো জানায়, একই বছর ইউরোপা লিগের ফাইনাল ম্যাচটি হবে পোলান্ডের ওয়ারশতে। উয়েফার সাধারণ সম্পাদক জিয়ান্নি ইনফানটিনো বলেন, ‘২০১৫ সালের ফাইনালের জন্য এই দুই চমত্কার ভেন্যু বেছে নেয়া হয়েছে।’ বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে এই প্রথম ইউরোপিয়ান কোন ফাইনাল হতে যাচ্ছে। জার্মানির রাজধানীতে এর আগে ১৯৩৬ সালে অলিম্পিক গেমস এবং ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনাল হয়েছিল। উয়েফা গত বছর ২০১৪ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ভেন্যু নির্ধারণ করে লিসবনকে। অন্যদিকে ঐ বছর ইউরোপা লিগের ফাইনাল ম্যাচটি হবে তুরিনে।