মৌসুমের শুরু থেকেই রাদামেল ফ্যালকাওয়ের উপর চোখ ছিল বড় বড় ক্লাবের। তবে, মৌসুম শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত তার ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি। অ্যাটলেটিকো মাদ্রিদ জানিয়েছে দলের গুরুত্বপূর্ণ সদস্য স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও ইচ্ছে করলে নিজের ভবিষ্যত্ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে।
প্রধান নির্বাহী মিগুয়েল অ্যাঞ্জেল গিল মারিন জানান, লা লিগায় ২৮ গোল করা ফ্যালকাও অ্যাটলেটিকোতেই থাকছেন কিনা এ ব্যাপারে তিনি নিশ্চিত নন। ইতোমধ্যে ইউরোপের বড় দলগুলো আকর্ষণীয় অর্থ দিয়ে ফ্যালকাওকে পেতে চাইছে বলে সংবাদ মাধ্যমে এসেছে। মারিন সিঙ্গাপুরে সংবাদ মাধ্যমকে বলেন,‘পরবর্তী মৌসুম ? আমি জানি না। এটা খেলোয়াড়দের ওপর নির্ভর করছে। যদি খেলোয়াড়রা মনে করে তারা চলে যাবে অ্যাটলেটিকো তাদের সাহায্য করবে। যদি তারা মনে করে আমাদের সাথে থাকবে তাহলেও ঠিক আছে।’
তার সাথে গলা মিলিয়েছেন দলের কোচ ডিয়েগো সিমিওনেও। তিনি বলে, ‘আমি তাকে ছোট বেলা থেকে চিনি। আমার মতে এটাই দলবদলের জন্য তার আদর্শ সময়। তবে সে যেখানেই যাক না কেন আমার শুভকামনা সব সময়ই তার সাথে আছে।’
কলম্বিয়ান তারকা ফ্যালকাওয়ের জন্য চেলসি, মোনাকো, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি রেকর্ড ৫৪ মিলিয়ন ডলার নিয়ে প্রস্তুতি নিচ্ছে বলে বৃটেনের সংবাদ মাধ্যমে এসেছে।
