পটুয়াখালীতে র্যাবের হাতে দুই ভুয়া র্যাব আটক!

আপডেট : ০৯ মে ২০১৯, ২২:১১

পটুয়াখালীতে দুই ভুয়া র্যাবকে আটক করেছে পটুয়াখালী র্যাব-৮ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির টাকা মোবাইল সেট এবং মিডিয়াসহ একাধিক সংগঠনের পরিচয়পত্র উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে, জিললুর রহমান জুয়েল ও মো. জাকির হোসেন। বুধবার সন্ধ্যায় গলাচিপা উপজেলা শহরের একটি মাছের আড়ত থেকে চাঁদাবাজিকালে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি গলাচিপা উপজেলা চিকনিকান্দি ইউনিয়নে।

পটুয়াখালী র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি সোয়েব আহমেদ খান রাত সাড়ে ১০টায় এক প্রেসব্রিফিংয়ে জানান, আটককৃত জিললুর রহমান ও জাকির হোসেন অনেকদিন ধরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, র্যাব পরিচয়ে পটুয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে চাঁদাবাজি করে আসছিল। গত মঙ্গলবার তারা দুজনে নিজেদেরকে র্যাবের লোক পরিচয় দিয়ে গলাচিপার মত্স্য ব্যবসায়ী চান মিয়া, হেলাল ও মজিবুর গাজীর কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করে। ওইদিন তাদের ১০ হাজার টাকা দিয়ে বিদায় করলে পুনরায় বুধবার তাদের কাছে টাকা নিতে যায় তারা। এ সময় ভুক্তভোগীরা পটুয়াখালী র্যাব-৮ কে অবহিত করে তাদের টাকা দেওয়ার আশায় বসিয়ে রাখেন। খবর পেয়ে তাত্ক্ষণিকভাবে পটুয়াখালী র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

পটুয়াখালী র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার সোয়েব আহমেদ খান আরো জানান, আটককৃতদের সঙ্গে বিশাল একটি প্রতারক চক্র জড়িত রয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছে। আটককালে জিললুর রহমানের কাছ থেকে একাধিক মিডিয়ার পরিচয়পত্র উদ্ধার করা হলেও তার কোনো সত্যতা নিশ্চিত্ করা যায়নি।