শারীরিক শিক্ষা বদলে দিতে পারে আপনার সন্তানকে

আপডেট : ২৪ মে ২০১৩, ১৭:০৮
প্রায়ই অনেক মা-বাবা আক্ষেপের সুরে বলে থাকেন আমার ছেলেটা এত জানে, পরিশ্রম করে কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না। এর পেছনে রয়েছে অনেক কারণ। কারণগুলো আমরা ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে আলোচনা করব। মূলতঃ নিজের উপর অনাস্থা তথা আত্নবিশ্বাসের অভাবজনিত কারণে এরকমটা হয়ে থাকে। জীবন যুদ্ধে আত্নবিশ্বাসই প্রধান উপাদান যদিও আরো অনুষঙ্গ এতে জড়িত। অটুট আত্নবিশ্বাসই পারে অজেয়কে জয় করতে, অসম্ভবকে সম্ভব করতে। কথাগুলো অতি প্রচলিত হলেও ক্যারিয়ারে, বাস্তব জীবনে, বিশেষ করে শিক্ষা জীবনে এর গুরুত্ব অনেক। এক শ্রেণির ছেলে মেয়ে তথা শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করলে দেখা যায়, তাদের মধ্যে কোন প্রাণচাঞ্চল্য বা কর্ম তত্পরতা নেই। যে বয়সে তাদের সব কিছু মাতিয়ে রাখার কথা, সেই বয়সে তারা কেমন যেন অসার এবং সারাক্ষণ নিরানন্দ। নিজেদের গুটিয়ে রাখে। প্রাতিষ্ঠানিক পড়াশোনার ফাঁকে খেলাধুলা ও অন্যান্য শারীরিক ও সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে উল্লেখিত সমস্যার সমাধান সম্ভব। এজন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ছেলে মেয়েদেরকে বেশিবেশি খেলাধুলা ও সাংস্কৃতিক তথা সহ-শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করে তাদের এক ঘেয়েমি পরিবেশ থেকে বের করে আনতে হবে। ভৌত ও মানবিক পরিবেশ সৃষ্টি করে আবার পাঠ্যবইয়ে মনোনিবেশ করাতে হবে । এতে তাদের পড়াশোনায় সৃজনশীল মননের বিকাশ ঘটার দ্বার উন্মোচিত হবে। বর্তমান শিক্ষাক্রমের প্রধান উদ্দেশ্যই হচ্ছে শিশুকিশোরদের সুপ্ত প্রতিভাকে বের করে নিয়ে আসা। আর সেটার প্রতিফলন যদি দেখতে চাই তবে অবশ্যই সব শিশুকে আনন্দঘন পরিবেশে বেড়ে উঠতে হবে। শিক্ষা ক্ষেত্রেতো বটেই অধিকন্তু পরিবার তথা সমাজ, রাষ্ট্র সকল বলয়েই তা নিশ্চিত করতে হবে। কবিতা আবৃত্তি, বিতর্ক, নাটক, গান, নৃত্য ,স্পোর্টস ইত্যাদি সহ-শিক্ষা কার্যক্রমে প্রত্যেকের অংশগ্রহণে তাদের স্থিত জড়তা হ্রাস পাবে ফলে শিক্ষার্থীর আত্নবিশ্বাস বৃদ্ধি পাবে এবং এই আত্নবিশ্বাসই তারা তাদের নিজেদের যে কোন সমস্যা সমাধানে গঠনমূলক সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হবে, করণিয় পন্থাও স্থির করতে পারবে। আঠার বত্সর বয়স পর্যন্ত শিশু। এই বয়সে মঞ্চে বা মাঠে একবার যদি ভালো পারফর্ম করতে পারে দ্বিতীয় বার তাকে আর কোন সংকোচবোধ পরাজিত করতে পারবে না। আর এই আত্নবিশ্বাসই তাকে মাঠে, মঞ্চে, পরীক্ষার হলে বা যে কোনো ইন্টারভিউ বোর্ডসহ সর্বত্র সাহস ও প্রেরণা যোগাবে। আচার-আচরণ, সামাজিক মূল্যবোধ সহ সকল স্তরে সহ-শিক্ষার প্রভাব ব্যাপক। তাই সহ-শিক্ষাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। সহ-শিক্ষার মাধ্যমে শিশুর মেধা-মনন বিকাশ ও প্রয়োগের ক্ষেত্র প্রসারিত হয়। সহ-শিক্ষা চর্চায় গড়ে উঠে সৃজনশীল প্রজন্ম। আমরা জানি সংস্কৃতির সাথে শিক্ষার যোগসূত্র নেই বলেই শিক্ষিত হয়েও আমরা হয়ে যাই নীতি বর্জিত। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে সবাইকে সক্রিয় হয়ে গড়ে তুলতে হবে নৈতিকতাবোধ সম্পন্ন প্রজন্ম। আর সেটা করতে হবে প্রাক-প্রাথমিক পর্যায় থেকেই।