দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

আপডেট : ০৯ মে ২০১৯, ২২:১২

দৌলতপুরের মরিচা ইউনিয়নের বালিরদিয়াড় গ্রামে বুধবার প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছে। তার নাম মহাবুল মন্ডল (৩২)। সে উপজেলার বালিরদিয়াড় গ্রামের জামাত মন্ডলের ছেলে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পার্শ্ববর্তী চরদিয়াড় গ্রামের পিন্টু ও জাহাঙ্গীরের কলাবাগানের গাছ কাটার অভিযোগে মহাবুলের বিরুদ্ধে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাড়িতে ওইদিন সালিস বৈঠক ডাকা হয়। সেখানে মহাবুল উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে পিন্টু, জাহাঙ্গীর ও তাদের সহযোগীরা লাঠিসোঁটা এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে রাত ১টার দিকে ঢাকা নেওয়ার পথে মহাবুল মারা যায়। মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলম জানান, তিনি সালিস বৈঠকে উপস্থিত হওয়ার আগেই এ ঘটনা ঘটেছে।

দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।