ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে ভোলার কলা চাষিদের। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকদের বিস্তীর্ণ জমির কলাখেত। চাষিদের খেতের এক তৃতীয়াংশ গাছ হেলে পড়ায় লাখ লাখ টাকা ক্ষতিতে পড়েছেন ভোলার কলা চাষিরা।
জেলার কোড়ালিয়া গ্রামের কলা চাষি মনির, ফরিদ সর্দার, ফারুক ও ফজলুসহ অনেকে জানান, গত বছর কলা চাষ করে লাভবান হওয়ায় এবারো কলা চাষ করেন তারা। এ বছর কলার আবাদ অনেক ভালো হয়েছিল। কিন্তু যে মুহূর্তে কলাবাজারে বিক্রির সময় এসেছে ঠিক সে সময়ে ঘূর্ণিঝড় ফণী সব কেড়ে নিয়েছে। কলা চাষি ফরিদ সর্দার জানান, ৪৮ হাজার টাকা লোন নিয়ে ৪০ শতংশ জমিতে কলা আবাদ করেছি। কিন্তু ঝড়ে বেশিরভাগ কলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কলাচাষি হাবিবুল জানান, কলার বাগানে ১২শটি কলা গাছ ছিল। কিন্তু ঝড়ে ৭শ গাছ ভেঙে গেছে। এবার লোকসান হওয়ার পাশিপাশি ঋণ কাঁধে নিয়ে দিন কাটাতে হবে।
ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিনয় কৃষ্ণ দেবনাথ জানান, ক্ষতিগ্রস্ত কলা চাষিদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রাথমিকভাবে চাষিদের হেলে পড়া গাছ তুলে খুঁটির সাথে বেঁধে দিতে বলা হয়েছে। এছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাদের সার্বিক সহযোগিতায় মাঠে কাজ করছেন।
