মিলনায়তনের ভিতরে লোক সমাগম দেখে বোঝার উপায় নেই বাইরে ঝুম বৃষ্টি। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বললেন, প্রাণের টানেই আমি এই প্রদর্শনী দেখতে এসেছি। কার্যত তাই। হলভর্তি লোক যেন শিল্পকর্মের প্রতি তাদের প্রাণের টানে সাড়া দিতেই জড়ো হয়েছেন। গতকাল সন্ধ্যায় বেঙ্গল গ্যালারীতে উদ্বোধন হয় জননী ও আত্মজের যৌথ প্রদর্শনীর। ফেরদৌসী প্রিয়ভাষিণী আর একটি প্রদর্শনী করার আশাবাদ ব্যক্ত করেন বেঙ্গল শিল্পালয়। ভাস্কর্যগুলো থাকবে মেঝেতে, দেয়ালগুলো থাকবে খালি। দেয়ালে যদি ঝুলান যেত পেইন্টিং, তাহলে দর্শক একই সাথে দুটি প্রদর্শনী দেখার সুযোগ পেতেন। সেই ভাবনা থেকে ভাস্কর্য আর চিত্রকলার প্রদর্শনী। সময়টা মা দিবসের মাস, সবমিলিয়ে আয়োজকরা মা-ছেলের প্রদর্শনীর আয়োজন করেন। মা ফেরদৌসী প্রিয়ভাষিণীর ৯৩টি এবং তার ছেলে কারু তিতাসের ৩০টিসহ মোট ১৩০টি শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। ফেরদৌসী প্রিয়ভাষিণী বলেন, কাজ আমার প্রাণ কাজের মাঝেই আমার বেঁচে থাকা। তিনি তার কাজের মাঝে সময়কে ধরেছেন। শাহবাগের গণজাগরণ মঞ্চ যেমন জায়গা পায় তার শিল্পকর্মে তেমন ভাস্বর হয় রানাপ্লাজা ধস। বৃক্ষ তার হাতে ছোঁয়ায় জন্মান্তরে শিল্প হয়ে উঠেছে। এক টুকরো কাঠ আর একটি গাছের কাণ্ড মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের রূপ পায় তার শিল্পে। গাছের মরাডালের পাশে জন্ম নিচ্ছে নতুন গাছ, একটি কুঁড়ে ঘরের গড়ন আছে, সবমিলিয়ে প্রকৃতি আর মানব জীবনের প্রতিচ্ছবি। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী কাইয়ূম চৌধুরী, শিল্পী ইফফাত আরা দেওয়ান এবং বেঙ্গল গ্যালারি ও ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী। প্রদর্শনী চলবে ৪ জুন পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বেঙ্গল শিল্পালয় (বাড়ি- ২৭৫/এফ, রোড- ২৭, পুরাতন ধানমন্ডি, ঢাকা)।
