বর্জ্য ফেলে শীতলক্ষ্যা নদী দূষণের অভিযোগে নারায়ণগঞ্জের ১৫টি শিল্প কারখানাকে ৯১ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর হোসেন অভিযান পরিচালনা করে এই বিপুল অর্থ জরিমানা আদায় করেন।
জরিমানা করা প্রতিষ্ঠানের কয়েকটি কারখানায় বর্জ্য পরিশোধন যন্ত্র (ইটিপি) থাকলেও বেশিরভাগ কারখানায়ই নেই। গত ১৬ থেকে ২০ মে টানা পাঁচদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াই হাজার, ফতুল্লা ও সোনারগাঁওয়ে অবস্থিত বিভিন্ন টেক্সটাইল ও ডাইং শিল্প প্রতিষ্ঠানসমূহে এসব অভিযান চলে।
পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম, ঢাকা গবেষণাগার ও নারায়ণগঞ্জ জেলা কার্যালয় কারখানা পরিদর্শনের সময় পাওয়া তথ্যের ভিত্তিতে ১৬ মে ৫টি, ১৯ মে ৪টি ও ২০ মে ৬টিসহ মোট ১৫টি শিল্প প্রতিষ্ঠানকে সর্বমোট ৯১ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে। এর মধ্যে ঝলমল টেক্সটাইলসকে ২ লাখ, সালাউদ্দিন আহমেদ টেক্সটাইলকে (প্রা.) ১৬ লাখ, সুমি ডাইংকে ২ লাখ, গৌরী ডাইংকে (বিশাল ডাইং) ১০ লাখ, মিতা ডাইং অ্যান্ড প্রিন্টিংকে ২ লাখ, ত্রুটিপূর্ণ ইটিপি পরিচালনা ও বাইপাস লাইনের মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য ফেলে পরিবেশের ক্ষতিসাধনের জন্য ফকির নিটওয়্যারস লিমিটেডকে ১৯ লাখ ২০ হাজার, পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি ছাড়াই ডাইং কার্যক্রম পরিচালনা করে কারখানা সৃষ্ট অপরিশোধিত তরল বর্জ্য শীতলক্ষ্যা নদীতে ফেলে প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য ফারজানা ডাইংকে এক লাখ, অনি ডাইং অ্যান্ড প্রিন্টিংকে এক লাখ, হাজী আকতার ডাইংকে এক লাখ, এম আর ডাইংকে এক লাখ, হূদয় ডাইং অ্যান্ড প্রিন্টিংকে এক লাখ, ইউনিকম টেক্সটাইল মিলস লিমিটেডকে ৪ লাখ ১০ হাজার, তানভীর পেপার মিলস লিমিটেডকে ২০ লাখ, থ্রি স্টার ফেব্রিক্স (প্রা.) লিমিটেডকে ৬ লাখ এবং নূরে মদিনা ডাইং অ্যান্ড ফিনিশিংকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
